প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিক ও সামাজিক নানা সূচকে এগিয়ে গেলেও কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কারণে জলবায়ু পরিবর্তনের মত চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। আজারবাইজানের বাকুতে জোট নিরপেক্ষ সম্মেলনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব বলেন প্রধানমন্ত্রী। এর আগে, শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
আজারবাইজানে শুরু হওয়া ১৮তম ন্যাম শীর্ষ সম্মেলন অংশ নিতে দেশটির রাজধানী বাকুতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বাকু কংগ্রেস সেন্টারে সম্মেলনের উদ্বোধনীতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান স্বাগতিক দেশটির প্রেসিডেন্ট হায়দার আলিয়েভ। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন জোটের বিদায়ী চেয়ারম্যান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। পরে স্বাগতিক আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
পরে, ন্যাম সম্মেলনের সাধারণ অধিবেশনে অংশ নিয়ে শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক ও সামাজিক নানা সূচকে দেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে মিয়ানমারের বাস্তুচ্যুত বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় প্রদান ও জলবায়ু পরিবর্তন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, সন্ত্রাস, দুর্নীতি, মাদক আর মানবপাচারের বিরুদ্ধে সরকারের নীতি অত্যন্ত কঠোর। ক্ষুধা, দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে বলেও বিশ্বনেতাদের জানান শেখ হাসিনা।
পরে, বাকু সেন্টারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুদেশের সরকার প্রধান। এসময়, বাংলাদেশের সামগ্রিক অগ্রযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন মাহাথির মোহাম্মদ। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়াসহ যাবতীয় সহযোগিতা করায় শেখ হাসিনাকে ধন্যবাদও জানান তিনি। বলেন, রোহিঙ্গা সংকটের শুরু মিয়ানমারে এবং মিয়ানমারকেই এই সংকটের সমাধান করতে হবে।
এসময়, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার লক্ষ্যে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। আগামী বছর বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে মাহাথির মোহাম্মদকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ



























