পাকিস্তানের করাচি থেকে পেঁয়াজের প্রথম চালান বাংলাদেশে এসে পৌঁছেছে। বুধবার সন্ধ্যায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বেসরকারি সিল্ক সংস্থার পণ্য পরিবহনকারী উড়োজাহাজে এই চালান পৌঁছায়। এতে ৮২ টন পেঁয়াজ রয়েছে বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান শাদ ইন্টারন্যাশনাল।
শুল্ক কর্মকর্তারা জানায়, সিল্ক ওয়েজের উড়োজাহাজের ‘সেভেনএল ৩০৮৬’ ফ্লাইটে পেঁয়াজের প্রথম চালানটি এসেছে। এখন শুল্কায়নের প্রক্রিয়া চলছে। এ পর্যন্ত আকাশপথে চারটি উড়োজাহাজে পেঁয়াজের চালান আনার সময়সূচি ঠিক হয়েছে। শাদ এন্টারপ্রাইজ ছাড়াও চট্টগ্রামের এস আলম গ্রুপের প্রথম চালান আসবে আজ বুধবার দিবাগত রাত একটায়। সৌদিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে প্রথম চালানটি এসে পৌঁছাবে। আগামীকাল বৃহস্পতিবার বিসমিল্লাহ এয়ারলাইন্সের পণ্যবাহী উড়োজাহাজে দ্বিতীয় চালান আসবে। আগামী শুক্রবার তৃতীয় চালান আসবে সৌদিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে।

আকাশপথে পেঁয়াজের চালান আনার জন্য উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র থেকে এ পর্যন্ত ২ হাজার ৭ টনের অনুমতি নেওয়া হয়েছে। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে প্রযোজ্য চার্জ জনস্বার্থে মওকুফ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, শাদ এন্টারপ্রাইজ ছাড়াও এস আলম গ্রুপ অনুমতি নিয়েছে ১ হাজার ৯২৫ টনের।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। জানা যায়, আকাশপথে যেকোনো পচনশীল দ্রব্য পরিবহনের ক্ষেত্রে প্রতি কেজিতে ১৮ টাকা চার্জ প্রদান করতে হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেন, ‘পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার জন্য জনগণের স্বার্থে যতদিন এভাবে আকাশপথে পেঁয়াজ আমদানি করা হবে ততদিন পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এই চার্জ মওকুফের ব্যবস্থা কার্যকর থাকবে। আকাশপথে পেঁয়াজ আমদানির সাথে সম্পৃক্ত সকল ব্যবসায়ীকে এ ব্যাপারে সর্বতোভাবে সহযোগিতা প্রদান করা হবে।’
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














