মিয়ানমারে রোহিঙ্গারা এখনো নিপীড়ন ও গণহত্যার ঝুঁকি নিয়ে বসবাস করছে বলে জানিয়েছে জাতিসংঘ। সোমবার, সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং মিশন নতুন প্রতিবেদনে একথা জানিয়েছে। এতে রোহিঙ্গা নিপীড়নে দায়ি মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এখনো রাখাইনে প্রায় ৬ লাখ রোহিঙ্গা ভয়াবহ ঝুঁকির মধ্যে বসবাস করছে। তাদের চলাফেলার উপর বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। যাতে তাদের মৌলিক মানবিক চাহিদার উপরও প্রভাব পড়ছে। এই কারণে বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ১০ লাখ রোহিঙ্গাদের রাখাইনে ফেরা অসম্ভব হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ার মানবাধিকার আইনজীবী ও জাতিসংঘের প্যানেল সদস্য ক্রিস্টোফার সিডোটি বিবৃতি বলেন, রাখাইনে থেকে যাওয়া রোহিঙ্গারা এখনো গণহত্যার শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছে। সিডোটি জানান, রোহিঙ্গাদের নির্যাতনের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনের ভূমিকা হতাশাজনক। প্রতিবেদনটি প্রকাশের পর বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে মিয়ানমার সরকারের মুখপাত্র ও সেনা কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।

২০১৭ সালের আগস্ট মাসে রাখাইনে পুলিশ সীমান্তে পুলিশের চৌকিতে বিচিছন্নতাবাদীদের হামলার পর সন্ত্রাস দমনের নামে বিশেষ অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। এরপর রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষণ এবং তাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় সেনাবাহিনী। প্রাণে বাঁচতে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাড়িঘর ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























