বিচারাধীন মামলার রায়কে প্রভাবিত করতে পারে এমন কোনো বিষয় গণমাধ্যমে প্রকাশ করা যাবে না। প্রেস কাউন্সিলের এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, এজলাস চলাকালীন বিচারক ও আইনজীবীর মধ্যে কথোপকথন বা যুক্তি-তর্ক একান্তভাবে কোর্টের সম্পদ। এটি সংবাদপত্রে প্রকাশযোগ্য নয়।

গত ৭’ই আগস্ট বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশের বিষয়ে কিছু নির্দেশনা দেয়। এর ভিত্তিতেই প্রেস কাউন্সিল তথ্য বিবরণী প্রকাশ করেছে।

আদালতের সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের জন্য ১৯৯৩ সালে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধির ১৬ দফায় বলা হয়েছে, অপরাধের ঘটনা বিচারাধীন থাকাকালীন সব পর্যায়ে তার খবর ছাপানো এবং মামলা বিষয়ক প্রকৃত চিত্র উদঘাটনের জন্য আদালতের চূড়ান্ত রায় প্রকাশ করা সংবাদপত্রের দায়িত্বের মধ্যে পড়ে। তবে এতে বিচারাধীন মামলার রায়কে প্রভাবিত করতে পারে এমন মন্তব্য বা মতামত প্রকাশ থেকে চূড়ান্ত ঘোষণার পূর্ব পর্যন্ত বিরত থাকার কথা বলা হয়েছে। বিবরণীতে বলা হয়েছে, বিচারাধীন মামলার বিষয়ে প্রকৃত চিত্র পরিবেশন করা যাবে।

তবে কোনো বিষয়ে সন্দেহ হলে তা সংশ্লিষ্ট কোর্টের বেঞ্চ অফিসার, হাইকোর্টের রেজিস্ট্রার এবং আপিল বিভাগের কাছ থেকে যাচাই করে প্রকাশ করতে হবে। এতে আরো বলা হয়েছে, সুপ্রিম কোর্টের অবমাননা হয় এবং বিচারকদের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন সংবাদ পরিবেশন থেকে প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়া এবং অনলাইন মিডিয়াকে অনুরোধ করেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে