বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে পে চ্যানেলে রূপান্তরের চেষ্টা চলছে বলে জানিয়েছে চ্যানেল মালিকদের সংগঠন ‘অ্যাসোসিয়েশর অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকো’। দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল শিগগিরই পুরোপুরি বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে বলেও অ্যাটকোর পক্ষ থেকে জানানো হয়েছে।
বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে অ্যাটকোর বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। এসময় বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে আলোচনা হয়। এই খাতের বিভিন্ন সমস্যা সমাধানে বুধবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকরা।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অ্যাটকো নেতারা। সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী জানান, বিদেশী চ্যানেলের ক্লিনফিড প্রচারসহ এই খাতের বিভিন্ন সমস্যার সমাধানে অগ্রগতি হয়েছে। দ্রুত দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল পুরোপুরিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার করা হবে।
বিজ্ঞাপনের উপর চাপ কমাতে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে পে-চ্যানেল হিসাবে পরিচালনা করার চেষ্টা চলছে বরেও অ্যাটকোর পক্ষ থেকে জানানো হয়। এর ফলে চ্যানেলগুলো ক্যাবল অপারেটরদের কাছ থেকে টাকা পাবে।
বর্তমান টিআরপিতে চ্যানেলগুলোর অবস্থান সঠিকভাবে মূল্যায়ন হচ্ছেনা বলে মনে করেন অ্যাটকোর সদস্যরা। তারা জানান, এই খাতে স্বচ্ছতা আনার জন্য কাজ চলছে।
বৈঠকে ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবাহান চৌধুরী, অ্যাটকোর সিনিয়র সহ-সভাপতি ও একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল বাবু, বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম, বাংলা ভিশনের চেয়ারম্যান আব্দুল হক, চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ যোবায়ের, দেশ টেলিভিশনের ডিএমডি অ্যাটকোর সহ সভাপতি আরিফ হাসান উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























