যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো শহরে ওয়ালমার্টের শো-রুমে সন্ত্রাসী হামলায় ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৬ জন। শনিবার মেক্সিকো সীমান্ত থেকে কয়েক মাইল দূরে সিয়েলো ভিস্তা শপিং মলের কাছে এ হামলা হয়। ঘটনাস্থল থেকে এরইমধ্যে সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ। ঘটনা তদন্তে টেক্সাস পুলিশের সাথে কাজ করছে এফবিআই।
মেক্সিকো সীমান্তের অল্প কয়েক মাইল দূরে সিয়েলো ভিসতা মলে, ওয়ালমার্টের শো-রুমে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় এক হামলাকারী। একে টেক্সাসের এযাবতকালে সবচেয়ে বড় হামলা বলে আখ্যা দিয়েছেন রাজ্যটির গভর্নর।টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, এল পাসোর এই ঘটনায় পুরো টেক্সাস আজ শোকাহত। স্বাভাবিক একটি দিনে আমরা এতগুলো প্রাণ হারিয়ে ফেললাম। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আর অনেকে।
ঘটনার পরপরই সন্দেহভাজন হামলাকারীকে আটক করে টেক্সাস পুলিশ। ধারণা করা হচ্ছে, প্যাট্রিক ক্রুসিয়াস নামে ২১ বছর বয়সী ঐ ব্যক্তি একাই এ হামলা চালায়। সিসিটিভির ফুটেজে রাইফেল হাতে হামলাকারীকে স্টোরে প্রবেশ করতে দেখা যায়। এল পাসোর পুলিশ সার্জেন্ট রবার্ট গোমেজ বলেন, হামলার সময় পুরো শপিং মলে ৩ হাজার ক্রেতা ও ১০০ কর্মী অবস্থান করছিলেন। তবে আমরা পুরো এলাকা ঘিরে ফেলেছি। একজনকে আটক করা হয়েছে । এখন সম্পূর্ণ এলাকা ঝুঁকিমুক্ত।
এদিকে, ইন্টারনেটে প্রকাশ হওয়া একটি শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী ম্যানিফেস্টোতে বলা হয়েছে হামলার লক্ষ্য ছিল হিস্পানিক সম্প্রদায়। ওই ম্যানিফেস্টো ক্রুসিয়াসেরই লেখা কি না তা তদন্ত করে দেখছে এফবিআই। হামলায় নিহতদের ৩ জন ও আহতদের মধ্যে ৬ জন মেক্সিকোর নাগরিক বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ ওব্রাডর।
হামলায় হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। টুইটারে হামলার নিন্দা জানিয়ে ঘটনা তদন্তে সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























