টানা তিন দিনের বৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জের নদ-নদীতে পানি বেড়েছে। কানাইঘাট পয়েন্টে সুরমার পানি বিপৎসীমার ২ দশমিক ২২ সেন্টিমিটার ও সুনামগঞ্জ পয়েন্টে ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়া, কুড়িগ্রামের ধরলা ও দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল।সিলেটে দুইদিন ধরে অব্যহত বৃষ্টিপাত। এতে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, সারি ও গোয়াইন নদীর পানি বেড়েছে। জলাবদ্ধতা দেখা দিয়েছে শহরে। ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি বইছে বিপৎসীমার উপর দিয়ে। এতে সুনামগঞ্জ পৌর এলাকার বিভিন্ন বাড়িতে পানি ঢুকে পড়েছে। পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জ থেকে তাহিরপুর উপজেলা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক ডুবে গেছে। বন্ধ হয়ে গেছে যান চলাচল। এছাড়া প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের ৫০টিরও বেশি গ্রাম।পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের আসাম ও মেঘালয় প্রদেশের কিছু অংশে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টির সম্ভাবনা আছে। এতে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, সারি ও গোয়াইন নদীর পানি বাড়বে। ফলে নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের ধরলা ও দুধকুমারের পানি বেড়েছে। প্লাবিত হয়েছে চরাঞ্চলের অর্ধশতাধিক গ্রাম। ডুবে গেছে ফসলী জমি। পানির তোড়ে কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কে নির্মাণাধীন সেতুর পাশে অস্থায়ীভাবে নির্মিত কাঠের সেতু ধ্বসে গেছে। যোগাযোগ বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছে স্থানীয় ছয়টি ইউনয়িনরে দুই লক্ষাধিক বাসিন্দা।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে