তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি সম্পাদন ও সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে তাগিদ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।তাজিকিস্তানে একটি সম্মেলনের ফাঁকে শুক্রবার (১৪ জুন) ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ড. মোমেন এই তাগিদ দেন। শনিবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিআইসিএ) পঞ্চম শীর্ষ সম্মেলনে যোগ দিতে তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অবস্থানরত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে স্থানীয় হোটেল সেরিনায় দ্বিপক্ষীয় বৈঠকে বসেন।সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান গভীর হৃদ্যতাপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন বৈঠকে। তারা আশা প্রকাশ করেন, এই সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।
বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তি সম্পাদন ও সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে ড. মোমেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতের সক্রিয় সমর্থন ও সহযোগিতা কামনা করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, প্রতিবেশী দেশসমূহের সঙ্গে ভারতের সদ্ভাব ও সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার পরিণত সংবেদনশীলতা প্রদর্শন করেছে।’
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























