তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিচারকাজ ও বেগম জিয়ার সুবিধার জন্যই কেরানীগঞ্জে আদালত স্থাপন করছে সরকার এবং তা আইন ও বিধি অনুসারেই হচ্ছে।’ বুধবার দুপুরে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার ২০১৮ প্রদান শেষে সাংবাদিকরা এবিষয়ে বিএনপি’র মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি একথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘আইন ও বিধি অনুসারে যে কোনো স্থানে সরকার আদালত স্থাপন করতে পারে। এর সাথে সংবিধানের বিরোধ নেই। আর বিএনপি নেতারা ক্রমাগতভাবে বলে আসছেন, বেগম খালেদা জিয়া অসুস্থ। যদিও তার আর্থরাইটিস, কোমর ও হাঁটুর ব্যথা নতুন নয়, এব্যথা নিয়েই তিনি দু’বার প্রধানমন্ত্রীত্ব ও বিরোধীদলীয় নেতার কাজ করেছেন, তবুও সরকার তা বিবেচনায এনে বিচারকাজের সুবিধার জন্য কেরানীগঞ্জে আদালত গঠনের যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে বিএনপি’র খুশি হবারই কথা।’

পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার-২০১৮ জুরি বোর্ডের সদস্যরা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম বজলুর রহমান, গাজী টেলিভিশন ও সারাবাংলা ডট নেটের এডিটর-ইন চিফ ইশতিয়াক রেজা, রয়টার্সের রফিকুর রহমান, এটুআই প্রোগ্রামের কমিউনিকেশন এক্সপার্ট তানজিনা শারমিন এবং পিআইবি’র সাবেক মহাপরিচালক মো. শাহ আলমগীর।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























