তথ্য মন্ত্রণালয়ে নবনিযুক্ত প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসানকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘বাজেট বা আয়তনের দিক থেকে বেশি বড় না হলেও কাজের প্রকৃতির দিক থেকে তথ্য মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিমন্ত্রী যোগ দেয়ায় মন্ত্রণালয় আরো বেগবান হবে।’

মঙ্গলবার বিকেলে রাজধানীতে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসানের সাথে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তার পরিচিতি সভায় সভাপতির বক্তৃতায় মন্ত্রী ড. হাছান মাহমুদ একথা বলেন। তথ্যসচিব আবদুল মালেক সঞ্চালিত এসভায় প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান বলেন, ‘মন্ত্রী ড. হাছান মাহমুদ আমাদের দলের জ্যেষ্ঠ নেতা। মাননীয় মন্ত্রী হিসেবে তার নির্দেশনা অনুযায়ী কাজ করাই আমার লক্ষ্য।

তথ্য মন্ত্রণালয়ের ১৪টি সংস্থার মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশীদ, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল করিম, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: জাকির হোসেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শাহ আলম, তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার ফয়জুল হক, ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো: নিজামুল কবীর, তথ্য কমিশন এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রতিনিধিবৃন্দ সভায় যোগ দেন এবং প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

এদিন বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ নিউজপেপার প্রেস ওয়ার্কার্স ফেডারেশন, বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোটসহ বিভিন্ন সংগঠন প্রতিনিধি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ে যোগদান উপলক্ষে তার দপ্তরে ফুলেল শুভেচ্ছা জানান।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে