প্রায় দেড় মাসের বেশি সময়ে ভোটগ্রহণের মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচন।বুথফেরত জরিপ বলছে, তিন শতাধিক আসন নিয়ে আবারও ক্ষমতায় আসছে বিজেপি সরকার। আর গতবারের চেয়ে আসন বাড়বে প্রধান বিরোধীদল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের।

প্রায় দেড় মাস ধরে চলা ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলো রোববার। ২৩ মে বৃহস্পতিবার জানা যাবে, ভোটের ফল। তবে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পরই বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। টাইমস নাও-ভিএমআরের বুথ ফেরত জরিপে দেখা গেছে, ৩০৬টি আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আর কংগ্রেসের নেতৃত্বে ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স ইউপিএ পাচ্ছে ১৩২টি আসন। মায়াবতির বহুজন সমাজ পার্টি নেতৃত্বাধীন এমজিবি জোট ২০টি আসনে জয়ী হতে পারে। অন্যান্যরা ৮৪টি আসন পেতে পারে।

রিপাবলিক সিভোটার-এর জরিপে এনডিএ জোট এগিয়ে আছে ২৮৭ আসনে। আর ইউ/পি/এ জোটের ভাগে জুটতে পারে ১২৮টি আসন। অন্যান্যরা ১২৭টি আসন ভাগাভাগি করবে।ইন্ডিয়া টুডের বুথ ফেরত জরিপ বলছে, এনডিএ ২০৬, ইউপিএ ৮৩, অন্যান্য ৬৮টি আসনে জয়লাভ করতে পারে। পোল অব পোলসে এনডিএ জোটকে ৩০৪টি, ইউপিএ ৮৩ ও অন্যান্যরা ১২০টি আসন পেতে পারে। প্রায় সব জরিপেই বিজেপি নেতৃত্বাধীন জোটের এগিয়ে থাকার স্পষ্ট ইংগিত মিলেছে। সংখ্যাগরিষ্ট ভোট না পেলেও, জোট গঠনে খুব একটা বেগ পেতে হবে না বিজেপিকে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা। এদিকে রোববার সপ্তম ও শেষ ধাপের ভোটে ৮ রাজ্যে ৫৯ আসনে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই, উত্তর কলকাতায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন বিজেপির প্রার্থী রাহুল সিনহা। ইসলামপুরে বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মদন মিত্রের ওপর হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ইসলামপুরের একটি ভোটকেন্দ্রে বিষ্ফোরণের খবর মিলেছে।ভোট হয়েছে উত্তর প্রদেশ, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল এবং চণ্ডীগরেও। তবে এসব রাজ্যে বড় ধরনের কোনো হট্টগোলের খবর মেলেনি।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে