তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘চলচ্চিত্রের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধুর গড়া এফডিসি বা চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গড়া বিশ্বমানের ফিল্ম আর্কাইভে পূর্ণতা পেয়েছে।’সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০২১ সালে অনুষ্ঠিতব্য ফিআফ কংগ্রেসের প্রস্তুতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ফিল্ম আর্কাইভ চত্ত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।
চলচ্চিত্র শিল্পের উন্নয়নে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্য প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কথা শ্রদ্ধাভরে স্মরণ করে মন্ত্রী বলেন, ‘আমাদের ফিল্ম আর্কাইভ বিশ্বের শ্রেষ্ঠ আধুনিক সুবিধাসম্বলিত আর্কাইভ। এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ২০২১ সালে বিশ্ব ফিল্ম আর্কাইভ কংগ্রেস আয়োজনে আমরা সম্পূর্ণ প্রস্তুত।’ড. হাছান বলেন, ‘আর্কাইভ আমাদের অতীতের সমাজ-সংস্কৃতি-ভাবনাকে ভবিষ্যতে পৌঁছে দেবার মহান কাজটি করে। আর্কাইভ তাই কালের স্বাক্ষী, আমাদের সিনেমাকে যুগে যুগান্তরে বাঁচিয়ে রাখার মহাস্থাপনা।’
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে তথ্যসচিব আবদুল মালেক, আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ এবং আলোচক হিসেবে চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী, ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক শচীন্দ্রনাথ হালদার ও চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার চলচ্চিত্র গবেষক অনুপম হায়াতের ‘বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০২১ সালে অনুষ্ঠিতব্য ফিআফ কংগ্রেসের প্রস্তুতি’ শীর্ষক মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন।
প্রখ্যাত চলচ্চিত্র অভিনয়শিল্পী দিলারা ইয়াসমিন, দেবু ভট্টাচার্য, অঞ্জনা, চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, টিভি ড্রামা ডিরেক্টরস গিল্ডের সভাপতি এস এ হক অলিক প্রমুখ সভায় যোগ দেন। চলচ্চিত্র ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সামগ্রীর সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে দেশের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ১৯৭৮ সালের ১৭ই মে তারিখে যাত্রা শুরু করেছিল চলচ্চিত্র সংগ্রহ ও সংরক্ষণের জাতীয় এ প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার ও স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ১৯৫৬ সাল থেকে সাম্প্রতিক কালের বিভিন্ন সিনেমার পোস্টার ও স্থিরচিত্র প্রদর্শনীতে স্থান পায়।
সেমিনারে বক্তারা বলেন, ২০২১ সালে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল আন্তর্জাতিক ফেডারেশন অব ফিল্ম আর্কাইভের ৭৭তম কংগ্রেস (সম্মেলন) ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ফিআফ সম্মেলনে বিশ্বের শতাধিক দেশের তিন শতাধিক অতিথি অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, আন্তর্জাতিক ‘আর্কাইভিস্ট’ মহলে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। উল্লেখ্য, ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সর্ব াধুনিক ফিল্ম আর্কাইভ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও ২০১৭ সালের ৩০ জুন নির্মাণ কাজ সম্পন্ন হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























