শ্রীলঙ্কায় বোমা হামলায় জামাত আল তাওহীদ আল ওয়াতানিয়া নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। হামলার পরদিন আজ সোমবার দায় স্বীকার করার এ তথ্য প্রকাশ হলো। সৌদি আরব ভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়া টিভি’র বরাত দিয়ে তারা এ খবর প্রকাশ করেছে।
আল আরাবিয়া টিভির বরাতে তাস জানায়, সোমবার গোষ্ঠীটি দায় স্বীকার করে। ধারণা করা হয় গোষ্ঠীটি ইসলামি চরমপন্থী মতাদর্শে বিশ্বাসী।এদিকে, দেশটির স্বাস্থ্য মন্ত্রী এবং ক্যাবিনেটের মুখপাত্র রাজিথ সেনারাত্নে স্থানীয় উগ্রবাদী সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাত কে দায়ী করেছেন। সেই সঙ্গে, হামলাকারীদের ধরতে তাদের আশ্রয়স্থল এবং প্রশিক্ষণের স্থানগুলোতে অভিযান চালানোর কথা জানান তিনি।এ অবস্থায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সোমবার মধ্যরাত থেকে পুরো শ্রীলঙ্কায় এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। আর, দেশটির প্রেসিডেন্টের মিডিয়া ইউনিট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তেই দেশের নিরাপত্তা কাউন্সিল জরুরি অবস্থা জারির এ সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে টানা দ্বিতীয়বারের মত কারফিউ জারি করে শ্রীলঙ্কা সরকার। সোমবার রাত আটটা থেকে ভোর ৪টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে।গতকাল রবিবার ইস্টার সানডের প্রার্থনা চলাকালীন সময়ে রাজধানী কলম্বোসহ উপকূলীয় এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত দুই দফায় তিনটি গির্জা ও চারটি হোটেলসহ আট জায়গায় বোমা হামলা হয়। হামলায় নিহত হয়েছেন ২৯০ জন। আর আহত হয়েছেন পাঁচ শতাধিক ব্যক্তি।
তথ্যঃ ডিবিসি
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























