নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদ ও হাসপাতালে হামলায় নিহতদের মধ্যে অন্তত তিনজন প্রবাসী বাংলাদেশি বলে নিশ্চিত করেন নিউজিল্যান্ডে বাংলাদেশের কনসাল জেনারেল শফিকুর রহমান ভূঁইয়া। এছাড়া আরো চার বাংলাদেশিকে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডেনের কাছে পাঠানো এক বার্তায়, হামলার তীব্র নিন্দা জানিয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদ ও লিনউড এলাকার আরেকটি মসজিদে জুম্মার নামাজের সময় ঘটে এই হামলা। এই এলাকায় প্রচুরসংখ্যক বাংলাদেশি অভিবাসী ও প্রবাসী রয়েছেন। হামলায় হতাহতের মধ্যেও অনেকেই বাংলাদেশি।এ পর্যন্ত তিনজন বাংলাদেশি নিহত ও চারজন আহত হওয়ার কথা নিশ্চিত করেন নিউজিল্যান্ডে বাংলাদেশের কনসাল জেনারেল শফিকুর রহমান ভূঁইয়া। নিহতদের মধ্যে ক্রাইস্টচার্চের লিংকন বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের শিক্ষক কৃষিবিদ ডক্টর আব্দুস সামাদ এবং তাঁর স্ত্রী রয়েছেন। সামাদ ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিদ্যালয়েও শিক্ষক হিসেবে কাজ কর্মরত ছিলেন দীর্ঘদিন। আরেকজন হলেন সিলেটের হোসনে আরা, তাঁর স্বামীর নাম ফরিদ উদ্দিন। আহত চার জন হলেন সাজেদা আক্তার, মোদাসসির, ওমর ফারুক ও রুবেল। এরমধ্যে সাজেদা ও মোদ্দাসিরের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও নিখোঁজ আছেন জাকারিয়া।

কনসাল জেনারেল আরো জানান ঘটনার পরপরই নিউজিল্যান্ডের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ সতর্কতা জারি করা হয়। অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। সব স্কুলে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি । বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের নিরাপত্তা প্রসঙ্গে শফিকুর রহমান ভুঁইয়া জানান, দুপুরের হামলাটি ছিল বিচ্ছিন্ন ঘটনা। ঘটনাস্থলে নিরাপত্তা ঘাটতি না থাকলেও, খুব বেশি জোরদার ব্যবস্থা ছিলো না বলেও স্বীকার করেন তিনি।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে