বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এ আহ্বান জানান তিনি। এছাড়াও সংবাদ সম্মেলনে রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যবাসনে মিয়ানমার সরকার কালক্ষেপণ করছে বলে অভিযোগ করেন জাতিসংঘ মহাসচিব।
সংবাদ সম্মেলনে বিশ্বের বিভিন্ন বিষয়ের সাথে বাংলাদেশ নির্বাচন নিয়েও কথা বলেন জাতিসংঘ মহাসিচব অ্যান্তনিও গুতেরেস। এসময় তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সবাইকে অর্থবহ সংলাপে বসার আহ্বান জানান। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া স্থগিত হয়ে যাওয়ার জন্য মিয়ানমারকেই দায় করেছেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, জাতিসংঘ বরাবরই চেয়েছে অঞ্চলটিতে এমন পরিবেশ তৈরি করা হোক- যাতে নিপীড়িত এ গোষ্ঠী স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যেতে চায়। কিন্তু সে প্রচেষ্টায় মিয়ানমার সরকার সময় নষ্ট করছে।
রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করার অঙ্গীকার করেছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর আঞ্চলিক জোট-আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা। থাইল্যান্ডে অনুষ্ঠিত দু’দিনের সম্মেলনের শেষ দিনে অনানুষ্ঠানিক বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে এ মত দেন তারা। প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহায়তা দিতে আসিয়ানের যে প্রতিনিধি দলের রাখাইনে যাওয়ার কথা ছিল, অস্থিতিশীল পরিস্থিতির অবসান না হলে তারা সেখানে যাবেন না।
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী নতুন করে অভিযান শুরু করায় অঞ্চলটি আবারো অস্থিতিশীল হয়ে উঠেছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























