ব্যাংক খাতের অবস্থা যতটা খারাপ বলা হয়, ততটা নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে বিদ্যমান সমস্যা মূল্যায়ন করে সংস্কার করার কথা জানিয়েছেন তিনি। আর এ সংস্কারের লক্ষ্য হবে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করা। সকালে রাজধানীর আগারগাঁয়ে পরিকল্পনা কমিশনে নিজ দপ্তরে এসব কথা জানান, অর্থমন্ত্রী।
খেলাপি ঋণসহ নানা অনিয়মে সবচেয়ে সমালোচিত ব্যাংক খাত। এসব সমস্যা সমাধানে কমিশন গঠন করে সংস্কারের দাবি জানিয়ে আসছেন অর্থনীতিবিদরা। নতুন অর্থমন্ত্রী বলছেন, সমস্যার তুলনায় সমালোচনা বেশি হয়। তার দাবি, আর্থিক খাতের সংকট প্রকট হলে প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতো। তবে এ খাতে সংস্কারের প্রয়োজনীয়তা অস্বীকার করছেন না তিনি। জানান, বিদ্যমান অনেক আইন যুগোপযোগী করতে হবে।
বাজেট প্রণয়নের বাকি ছয় মাসেরও কম সময়। অর্থমন্ত্রী জানান, আগামী বাজেটে থাকবে পাঁচ বছরের উন্নয়নের রুপরেখা। এ বাজেট হবে কর্মসংস্থান, উন্নয়ন ও রপ্তানিবান্ধব।
অর্থমন্ত্রী জানান, রাজস্ব আয় বাড়াতে করযোগ্য সবাইকে আওতায় আনা হবে। এজন্য আয়কর, ভ্যাট দুই ক্ষেত্রেই করহার পুনর্বিবেচনা করা হবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














