বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা ধরনের অভিযোগ থাকলেও জনস্বার্থে সেদেশের পাশে থাকবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ (মঙ্গলবার) ইইউ’র ব্রাসেলস দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০১৮ সালের ৩০ ডিসেম্বরে বাংলাদেশে জাতীয় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বাংলাদেশের নির্বাচন কমিশন প্রাথমিকভাবে ফল প্রকাশের জন্য যোগাযোগ অব্যাহত রেখেছে। নির্বাচনে ভোটারদের সমাবেশ এবং ১০ বছরে প্রথমবারের মতো বিরোধী দলের নির্বাচনে অংশগ্রহণ গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। তবে যাই হোক না কেন, নির্বাচনের দিন সহিংসতার জন্য ক্ষয়ক্ষতি হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড, নির্বাচনী প্রচারণা ও ভোটদান প্রক্রিয়ায় বাধাদানও হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন এসব অনিয়মের অভিযোগগুলোর যথাযথ তদন্ত ও যাচাইয়ের মাধ্যমে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”
বিবৃতিতে আরও বলা হয়, “ইউরোপীয় ইউনিয়নের আশা হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশ এগিয়ে যাবে। জনগণের স্বার্থে আমরা এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাব।”
এর আগে জাতিসংঘ এক বিবৃতিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে ও নির্বাচনের দিন হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘ। তবে গত ১০ বছরের মধ্যে প্রথমবার জাতীয় নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে এ বিশ্বসংস্থাটি
রোববার অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮টি আসন। আর বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র ৭টি আসন। ইতোমধ্যেকারচুপির অভিযোগে ভোটের ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট।তবে, আওয়ামী লীগ ও নির্বাচন কমিশন এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উল্লেখ করে ঐক্যফ্রন্টের দাবি প্রত্যাখ্যান করেছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























