ভোটগ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিদেশি পর্যবেক্ষকরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন রোববার বেশ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভোট নিয়ে তারা তাদের সন্তোষের কথা জানান।

ভারতের পর্যবেক্ষক গৌতম ঘোষ বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। চারদিকে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং সবকিছু ঠিকঠাক মতো চলছে। বাংলাদেশ ও ভারতের নির্বাচনের মধ্যে কোনো বিষয়ে মিল আছে কিনা-জানতে চাইলে তিনি বলেন, আমি একই জিনিস দেখতে পাচ্ছি। ভারতের মতো বাংলাদেশের ভোটাররাও স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

কানাডা থেকে আসা নারী পর্যবেক্ষক তানিয়া ফস্টার একই প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, আমরা কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি। সেখানে ভোটাররা বাধাহীনভাবে ভোট দিতে কেন্দ্রে যাচ্ছিলেন। একটি সুন্দর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মোট ১৭৪ জন বিদেশি পর্যবেক্ষক, ৬৫ জন বিদেশি সাংবাদিক ও সংস্থা ভোটগ্রহণ পর্যবেক্ষণের জন্য এখন ঢাকায় অবস্থান করছেন। এছাড়া ৮১টি সংস্থার ২৫ হাজার ৯শ’ স্থানীয় পর্যবেক্ষকও নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের জন্য হোটেল সোনারগাঁওয়ে পৃথক দুটি মিডিয়া সেন্টার খোলা হয়েছে। অস্ট্রেলিয়া, ভুটান, কানাডা, ভারত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, মালদ্বীপ, নাইজেরিয়া, নেপাল, শ্রীলংকা, প্যালেস্টাইন, ফিলিপিন্সসহ অনেক দেশ থেকে পর্যবেক্ষকরা এসেছেন।

তথ্যসুত্রঃ যুগান্তর
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে