আসন্ন সংসদ নির্বাচনে সকল দলের ইশতেহারে নদীরক্ষার অঙ্গীকার অন্তর্ভূক্ত করার দাবি জানিয়েছে নদী রক্ষা জোট। শুক্রবার সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে পরিবেশবাদী সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগে গঠিত নদী রক্ষা জোট আয়োজিত “সকল দলের নির্বাচনী ইশতেহারে নদী রক্ষার অঙ্গীকার চাই” শীর্ষক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
নদী রক্ষা জোটের মুখপাত্র ও নদী নিরাপত্তার সংগঠন ‘নোঙর’ সভাপতি সুমন শামস, বলেন, ‘নদী আমাদের মা। সারা দেশের নদ-নদী,খাল-বিল, পুকুর জলাশয় ভরাট করে দখলের প্রতিযোগিতা চলছে। তাই আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে নদীপ্রকৃতি রক্ষার অঙ্গীকার অন্তর্ভুক্তির দাবিতে এ জোট দেশজুড়ে গণসচেতনতার কার্যক্রম হাতে নিয়েছে।’বক্তারা বলেন, ‘বাংলাদেশের নদীগুলোর পনিসঙ্কট, অতিরিক্ত পলি জমে নদীগুলো ভরাট হওয়ার পাশাপাশি নানা ধরনের শিল্প বর্জ্যের দূষণে নদীর প্রাণ বৈচিত্র্য এখন হুমকির মুখে।’
‘এছাড়াও স্বার্থান্বেষী মহলগুলো প্রভাব খাটিয়ে অবৈধভাবে নদী ভরাট করে অথবা বালু উত্তোলন করে নদীগুলোকে ধ্বংস করছে। এই দুর্বৃত্তরা সারা দেশের যেখানে পারে নদীর তলদেশ পর্যন্ত দখল করে নিচ্ছে। নদী সংরক্ষণের যে আইন আছে তা সঠিকভাবে প্রয়োগ না করার কারণে এবং কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনার ফলে এ দখলদারিত্ব বন্ধ হচ্ছে না’, বলেন তারা।
বক্তারা আরো বলেন, ‘নদী হাজারো উপায়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে চলছে। কিন্তু সেই নদীকেই যদি ধ্বংসের মুখে ঠেলে দেয়া হয় তবে তা নিজেদের অস্তিত্বর জন্যই হুমকি। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অর্থনীতিকে টেকসই ও পরিবেশবান্ধব করার জন্য নদীকে রক্ষা করার কোন বিকল্প নেই। আজকে সবাই অনুভব করছে মানব সভ্যতা ও অর্থনীতিকে টেকসই এবং পরিবেশবান্ধব করে টিকিয়ে রাখতে গেলে অবশ্যই নদীর প্রতিবেশ ব্যবস্থা ও বৈশিষ্ট্যকে টিকিয়ে রাখতে হবে। অর্থাৎ নদী বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে।’
রাজনৈতিক নেতৃবৃন্দকে জনগনের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে তারা বলেন, ‘জনপ্রতিনিধিদের কাছে দেশের উন্নয়নে জনগনের প্রত্যাশা অনেক। দেশের নদ-নদী রক্ষায় রাজনৈতিক সদিচ্ছার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নদী বাংলার রূপ, বাঙালীর জীবন, বাঙালীর ঐতিহ্যকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হলে নদীকে রক্ষায় রাজনৈতিক অঙ্গীকার এবং তা বাস্তবায়নে কাযকর উদ্যোগ গ্রহণ করতে হবে।’
সুমন শামস এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য দেন নদী রক্ষা জোটের আহবায়ক মিহির বিশ্বাস, যুগ্ন সদস্য সচিব ও পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদ, পশ্চিম রসুলপুর ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মাতিন, নোঙর এর সাধারন সম্পাদক আমিনুল হক চৌধুরী, পরিবেশ আন্দোলন মঞ্চের সাধারন সম্পাদক ফারুক হোসেন, বঙ্গজ সাহিত্য ও সাংষ্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক স্বজন সাহা, বাংলাদেশ হোমিওপ্যাথিক কল্যান সোসাইটির মহাসচিব মাসুদ সরওয়ার, নিরাপদ পথ চাই এর সভাপতি, সৈয়দ এনায়েত আলী, শিশু স্বর্গ আমার পাঠশালার সভাপতি দর্পন জামিল, মহৎ প্রাণ সামাজিক সংগঠনের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম, সৃষ্টি সামাজিক সংস্থার সভাপতি নাজিম উদ্দিন, ষোল আনা বাঙালির চেয়ারম্যান আর আই শেখর, এসওপিডির চেয়ারম্যান এনামুল হক, সাংবাদিক শেখ এ সবুর, একতা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শাহ আলম সরকার, নোঙর এর সদস্য আফসার প্রমূখ।
বিশেষ সংবাদ
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ