একজন প্রশিক্ষিত শ্রমিক দেশের ভেতরেই অন্যদের তুলনায় দ্বিগুণ আয় করতে পারে। আর দেশের বাইরে তা পাঁচগুণ বেশি। এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি বলছে, দক্ষ শ্রমিক বিদেশে পাঠিয়ে বছরে একশ বিলিয়ন ডলার আয়ের সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।
এডিবির অর্থায়নে চট্টগ্রামের পটিয়ার শিকলবাহায় একটি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানে চলছে একদল তরুণের প্রশিক্ষণ। সংস্থার এসইআইপি প্রকল্পের আওতায় জাহাজ নির্মাণের ওয়েল্ডিং, রঙ করা, ফিটিংসহ ছয় বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে তাদের। তিন মাসের এ প্রশিক্ষণের জন্য কোন টাকা দিতে হয়নি তাদের। প্রশিক্ষণ শেষে তারা পাবেন জার্মান মানের সনদ ও নয় হাজার টাকা। এ প্রকল্পের আওতায় জাহাজ নির্মাণ শিল্পের প্রশিক্ষণ নিয়েছে সাত হাজারের বেশি তরুণ। যাদের প্রায় ৭০ ভাগই কাজ পেয়েছে। জাহাজ নির্মাণ শিল্প ছাড়াও মেট্রোরেল, পদ্মাসেতুসহ বড় সেতু নির্মাণ প্রকল্প ও এলএনজি টার্মিনাল নির্মাণে কাজ করছে তারা। প্রায় ৩৪ জন কাজ করছে দেশের বাইরে।
এডিবির অর্থায়নে এ প্রকল্পের আওতায় দুই ধাপে তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে প্রশিক্ষণ নিয়েছে প্রায় ৫ লাখ তরুণ তরুণী। তৃতীয় ধাপে প্রশিক্ষণ পাবে আর দুই লাখ। ৩২টি সরকারি কেন্দ্র ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের মাধ্যমে দেয়া হচ্ছে প্রশিক্ষণ।২০১৪ সালে নেয়া এ প্রকল্প বাস্তবায়ন হবে ২১ সাল পর্যন্ত। এতে ৩৬ কোটি ডলার দিচ্ছে এডিবি।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














