ব্যাংকাররাই উদ্যোক্তাদের ঋণখেলাপিতে পরিণত করছেন। একে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার রাজধানীর বিআইসিএম মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এসময় বারবার ঋণ পুনঃতফসিলে লাগাম টানার তাগিদ দেন মুহিত।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসেবে দেশে খেলাপি ঋণের পরিমাণ ৮৯ হাজার ৩৪০ কোটি টাকা। গত ডিসেম্বরের চেয়ে যা ১৫ হাজার কোটি টাকা বেশি। এবং মোট ঋণের সাড়ে ১০ ভাগ। এ ছাড়া অবলোপন করা ঋণ ধরা হলে মোট খেলাপি ঋণের পরিমাণ এক লাখ ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। এসব খেলাপি ঋণের দুই-তৃতীয়াংশই ১০টি ব্যাংকের।
ঋণখেলাপের জন্য ব্যাংকারদের দুষছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তার মতে, ব্যাংকাররাই চায়, উদ্যোক্তারা তাদের বাধ্য থাকুক। দ্রুত এ মানসিকতার পরিবর্তন করতে হবে জানিয়ে উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা দেয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।
খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ঝুঁকি ব্যবস্থাপনায় জোর ও সুশাসন নিশ্চিত করার কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এক ব্যাংকের পরিচালক সমঝোতার মাধ্যমে অন্য ব্যাংক থেকে ঋণ নেয়ার সংস্কৃতি নিয়ন্ত্রণের তাগিদ দেন অর্থমন্ত্রলায়ের কর্মকর্তারা। এজন্য, খেলাপি ঋণ ও অনিয়মে জর্জরিত ব্যাংকগুলোকে একীভূত করার পরামর্শ দেন তারা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














