সরকারের সদিচ্ছার প্রতিফলন নেই সহজে ব্যবসা সূচকে। বিশ্বব্যাংকের র্যাংকিংয়ে এক ধাপ এগোলেও সন্তুষ্ট হতে পারছে না খোদ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডা। সংস্থার চেয়ারম্যান জানান, ব্যাংক কোম্পানি আইন সংশোধনসহ সরকারের নেয়া অনেক পদক্ষেপ ইতিবাচক না হওয়ায় উন্নতি হয়নি।

ব্যবসা শুরু, অবকাঠামো নির্মাণের অনুমতিসহ দশ ভিত্তিতে সহজে ব্যবসা সূচক তৈরি করে বিশ্বব্যাংক। সংস্থার সর্বশেষ প্রতিবেদনে, বাংলাদেশ এক ধাপ এগোলেও একশ ৯০ দেশের মধ্যে অবস্থান একশ ৭৬তম। প্রতিবেদন বলছে, সূচকের ১০ ভিত্তির মাত্র তিনটিতে অগ্রগতি। আগের বছরের তুলনায় বিদ্যুৎ সংযোগ পাওয়া, জমি নিবন্ধন ও কর ব্যবস্থায় উন্নতি হয়েছে। তবে ক্ষুদ্র বিনিয়োগকারীর সুরক্ষা, অবকাঠামো নির্মাণের অনুমতি, ব্যবসা শুরু, বৈদেশিক বাণিজ্য, ঋণ পাওয়া, ও দেউলিয়া ঘোষণা প্রক্রিয়া এই ছয় ভিত্তিতে অবনতি হয়েছে।
অবস্থার উন্নয়নে ২০১৬ সালে সংস্কারের জোড়ালো উদ্যোগ নেয় সরকার। গঠন করা হয় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। ২০২১ সালের মধ্যে সংস্থাটি র্যাংকিং এ একশোর মধ্যে বাংলাদেশকে আনার ঘোষণাও দেয়। কিন্তু দুই বছরে অবস্থার কোন পরিবর্তন হয়নি। এ অবস্থায় হতাশ ব্যবসায়ীরাও। তাই সংস্কার প্রক্রিয়ায় বেসরকারি খাতকেও সম্পৃক্ত করার পরামর্শ তাদের।

প্রতিবেদন বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। অথচ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান এগিয়েছে ১৬ ধাপ আর প্রতিবেশি দেশ ভারত এগিয়েছে ২৩ ধাপ। আর তালিকায় সবার ওপরে নিউজিল্যান্ড।
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ














