
বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় এবং রাশিয়ান বীর যোদ্ধারা ও তাদের পরিবারবর্গ একটি বিশেষ নৈশভোজে অংশগ্রহণ করেছেন। শনিবার (১৬’ই ডিসেম্বর) ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর আমন্ত্রণে এই নৈশভোজে অংশগ্রহণ করেন তারা। এ’সময় ভারতীয় এবং রাশিয়ান প্রতিনিধি দলের সিনিয়র সদস্যরা, তাদের দেশের পক্ষ হতে এই বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নৈশভোজ শেষে আমন্ত্রিত অতিথিরা মিউজিক্যাল টিউনস্ উপভোগ করেন।
সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় মিত্রবাহিনীর সব সদস্যদের অবদান এবং রাশিয়ার সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এ’ছাড়াও সকালে ভারতীয় এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দল সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে ভারতীয় এবং রাশিয়ান বীর যোদ্ধারা ও তাদের পরিবারবর্গ গত ১৪ ডিসেম্বর বাংলাদেশে আগমন করেন। সফর শেষে তারা আগামী ১৯ ডিসেম্বর তাদের দেশে প্রত্যাবর্তন করবেন।



























