চাঁদপুরের অকুতোভয় মুক্তিযোদ্ধা ও সমাজসেবী সায়েদুর রহমান মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।জাতির পিতা বঙ্গবন্ধুর স্নেহভাজন চাঁদপুরের হাজীগঞ্জের সন্তান সায়েদুর রহমান ৮৭ বছর বয়সে শনিবার ঢাকার একটি হাসপাতালে ফুসফুসের সমস্যায় চিকিৎসাধীন থাকাকালে ইন্তেকাল করেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সায়েদুর রহমানকে মহান মুক্তিযুদ্ধে তাদের সহযোদ্ধা হিসেবে পরম শ্রদ্ধায় স্মরণ করে তার আত্মার শান্তিকামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এদিন বাদ আসর গুলশানের আজাদ মসজিদে প্রয়াতের জানাযায় শরিক হয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও একাত্তরের মহাযুদ্ধে সায়েদুর রহমানের সাহসী ভূমিকা ইতিহাসে অমর।’

মুক্তিযোদ্ধা ইনু বলেন, ‘প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েও জাগতিক মোহ ও প্রাণের মায়া ত্যাগ করে সায়েদুর রহমান স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দেশপ্রেমের যে আদর্শ তৈরি করেছেন, তা অনুসরণীয়। জাতির পিতা বঙ্গবন্ধুর অত্যন্ত স্নেহভাজনও ছিলেন তিনি।পঁচাত্তরে বঙ্গবন্ধুর মৃত্যুর পরও তিনি দেশপ্রেম ও বঙ্গবন্ধুর আদর্শের সংগ্রামে ছিলেন আপোষহীন।’

প্রয়াত এই মুক্তিযোদ্ধা এক কন্যা, এক পুত্র ও চারজন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে