পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি তার দেয়া বাণীতে বলেন, কুরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব জাগ্রত করে এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়। রাষ্ট্রপতি আরও বলেন, মহান আল্লাহর নিকট কুরবানি কবুল হওয়ার জন্য শুদ্ধ নিয়ত ও বৈধ উপার্জন আবশ্যক। সরকার নির্ধারিত স্থানে কুরবানি করে এবং কুরবানির বর্জ্য অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ বন্ধে সকলে সচেষ্ট থাকবেন বলে আমি আশা রাখি। পবিত্র ঈদুল আজহা সবার জন্য বয়ে আনুক কল্যাণ, সবার মধ্যে জেগে উঠুক ত্যাগের আদর্শ। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবজাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। আগামীকাল ঈদুল আজহার উৎসব উদযাপিত হবে। ঈদুল আজহার প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম, পবিত্র ঈদুল আজহা বা কোরবানীর ঈদ আবারো আমাদের জীবনে ফিরে এসেছে এক বছর পর। কোরবানির অর্থ ত্যাগ। ক্ষুদ্রতা, নীচতা, অহংকার ও স্বার্থপরতা ত্যাগের মাধ্যমে কোরবানীর ঈদ অর্থবহ হয়ে ওঠে। তিনি বলেন, ‘ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আসুন আমরা মানবজাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করি এবং বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে আমাদের আনন্দ ভাগাভাগি করি। বার্তার শেষ দিকে তিনি বলেন, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, ঈদ মোবারক।



























