বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে বৈষম্য ও যৌন হয়রানির কোনো জায়গা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। চলতি বছরের ডিসেম্বরে ঘানায় অনুষ্ঠিতব্য পিসকিপিং মিনিস্টেরিয়ালের প্রস্তুতিসভার উদ্বোধনী অনুষ্ঠানে রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল তিনি একথা জানান। এ’সময় সকলকে এই ধরনের ঘটনা প্রতিরোধে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, সব শান্তিরক্ষী যেন নিরাপদ ও সহায়ক পরিবেশে কাজ করতে পারে সেটির কৌশল নির্ধারণ খুঁজে বের করতে হবে।
মাসুদ বিন মোমেন বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম বড় সেনা মোতায়েনকারী দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের শান্তি, নিরাপত্তা ও লিঙ্গ সমতার মূলনীতি প্রসারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। পররাষ্ট্র সচিব আরও বলেন, শান্তিরক্ষায় নারীদের যথাযথ অংশগ্রহণ শুধু লিঙ্গ সমতার জন্য প্রয়োজন নয়, এটি কার্যকর শান্তিরক্ষা মিশন এগিয়ে নেওয়ার জন্য একটি বড় উপাদান।



























