আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকার জন্য এখন দেশে দেশে ধরনা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে যতই দেশে দেশে ঘুরে বেড়ান, যতই ধরনা দেন, কোনো লাভ হবে না, পরাজিত হতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় যুব স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ সভা হয়। আমীর খসরু বলেন, এ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেছে। এ কারণে ক্ষমতায় থাকতে তারা আজকে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। জনগণকে নিয়ে যে রাজনীতি হতে পারে, সেটা তারা বিশ্বাস করে না। তিনি বলেন, ভাষা আন্দোলনে বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে, স্বৈরাচার সরকারকে বিদায় করার সময় বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে। বাংলাদেশের মানুষ যখন সিদ্ধান্ত নেয়, রাজনৈতিকভাবে অবস্থান নেয়, তাদের বিরুদ্ধে কোনো শক্তি লড়ে জিততে পারবে না।

আমীর খসরু বলেন, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আন্দোলনের ডাক দিয়েছেন, খালেদা জিয়ার দোয়ায় তারেক রহমানের নেতৃত্বে মানুষ আজ জেগে উঠেছে। এখানে সমস্ত দেশের মানুষ সম্পৃক্ত রয়েছে, সবার অংশগ্রহণ রয়েছে, তাদের (সরকার) ভয়টাই সেখানে। আজকে যাদের ব্যবহার করে ক্ষমতায় থাকতে চাচ্ছে, তাদের দ্বিতীয়বার ভাবতে হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিদেশি স্যাংশন নয়, দেশের মানুষই স্যাংশন দেবে। দেশের মানুষ কিন্তু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভোট চুরির সঙ্গে কারা জড়িত ছিল, আগামী দিনে কারা কারা জড়িত হতে যাচ্ছে, বাংলাদেশের মানুষ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা একজন একজন করে পর্যবেক্ষণ করছে।

সংগঠনের সভাপতি মো. আখতারুল আলম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ বক্তব্য দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে