
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোনো সংলাপ করবে না বিএনপি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৪’ই মার্চ) দুপুরে গুলশান দলীয় চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জবাবে তিনি এ কথা জানান। ২০১৮ সালের নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিল বিএনপি। সেই প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘ওই সংলাপে প্রধানমন্ত্রী বলেছিলেন, আর কোনো গ্রেপ্তার (বিএনপি কর্মীদের) হবে না, পুলিশি হয়রানি হবে না, গায়েবি মামলা হবে না। কিন্তু এর তিনদিন পর থেকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের প্রার্থীদের।
মির্জা ফখরুল বলেন, ২০১৮ সালের নির্বাচনের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন- কার সঙ্গে কথা বলব, কার সঙ্গে সংলাপ করব। এটার রেজাল্ট কী? আমাদেরও (বিএনপি) প্রশ্ন একটাই, রেজাল্ট কী? আজকের এই প্রধানমন্ত্রী, তিনি যেভাবেই ক্ষমতায় আসুক, তিনি সবার সামনে ওয়াদা করেছেন নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না, পুলিশ আর গ্রেপ্তার করবে না, কোনও মামলা দেবে না। নির্বাচন পর্যন্ত কোনো পুলিশি হয়রানি করা হবে না। তার তিনদিন পরেই পুলিশি নির্যাতনে সারাদেশের বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীরা ঘর-বাড়ি থেকে পালিয়ে গেছে।
বিএনপি মহাসচিব বলেন, একবারের জন্য আমরা সংলাপের কথা বলিনি। যারা দেশনেত্রী খালেদা জিয়াকে বিনা কারণে মিথ্যা মামলায় নির্বাচনের আগে কারাগারে রাখে, এসব মামলায় সাতদিনের মধ্যে প্রত্যেকের জামিন হয়, কিন্তু তাকে (খালেদা জিয়া) জামিন দেওয়া হয়নি।



























