গ্যাস সংকট মোকাবিলায় প্রায় আট মাস পর খোলাবাজার অর্থাৎ স্পট মার্কেট থেকে তরল প্রাকৃতিক গ্যাস(এলএনজি) কিনতে যাচ্ছে সরকার। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন হতে পারে। শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতের আগে বর্ধিত দাম কার্যকর না করার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)। ১৮’ই জানুয়ারি বিদ্যুৎ, শিল্প ও বাণিজ্যিক খাতে গ্যাসের দাম বাড়ায় সরকার। শিল্পে ও ক্যাপটিভ বিদ্যুতে দাম যথাক্রমে ১২ ও ১৬ টাকা ইউনিট থেকে বাড়িয়ে করা হয় ৩০ টাকা। এতে রপ্তানি বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার পাশাপাশি, উচ্চমূল্যস্ফীতির শঙ্কা রয়েছে তাদের।এ’জন্য প্রতি ইউনিটের দাম ২৫’টাকা করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছে এফবিসিসিআই।
এ’ছাড়া ফেব্রুয়ারির পরিবর্তে এপ্রিল থেকে বর্ধিত দাম কার্যকরের দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। দেড় মাস ভালো সরবরাহের পর বর্তমানে আবারও শিল্পাঞ্চলে গ্যাসের সংকট বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এমন পরিস্থিতিতে ফেব্রুয়ারি মাসে খোলাবাজার থেকে এলএনজি কিনতে যাচ্ছে সরকার। পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, সামনের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উঠবে এ প্রস্তাব। প্রতি ইউনিট গ্যাস ১৯ ডলার ৭৪ সেন্টে কেনা হতে পারে। ৬২ হাজার টন এলএনজি কিনতে খরচ হবে মোট ৮৫০ কোটি টাকা।
গ্রাহক পর্যায়ে গ্যাসের সরবরাহ বাড়াতে মার্চ থেকে জুন পর্যন্ত আরও বেশি পরিমাণ এলএনজি কেনার পরিকল্পনা আছে সরকারের। এর আগে অতিরিক্ত দামের কারণে গত বছরের জুলাই থেকে খোলাবাজারের এলএনজি কেনা বন্ধ রাখা হয়।



























