ব্রুনাইয়ের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ, জনশক্তি রফতানি, তরলীকৃত গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহসহ পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। আজ রোববার (১৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা সফররত ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

বাংলাদেশে সফররত ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ আজ রোববার (১৬ই অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক করেন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিকেল সাড়ে তিনটা শুরু হওয়া দু’দেশের শীর্ষ পর্যায়ের এই বৈঠক শেষ হয় বিকেল ৫টায়। এসময় দু’দেশের মধ্যে একটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট’ চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং ব্রুনাইয়ের পক্ষে প্রধানমন্ত্রীর অফিস মন্ত্রী এবং ব্রুনাইয়ের ফাইন্যান্স ও ইকোনোমি মন্ত্রী আমিন আবদুল্লাহ।

বাংলাদেশি জনশক্তি নিয়োগ’ বিষয়ে ঢাকার সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে ব্রুনাই। এই সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে সই করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এবং ব্রুনাইয়ের পক্ষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদিন বিন হাজি আবদুল রহমান। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং প্রেটোলিয়াম পণ্য’ সরবরাহ বিষয়ে আরেকটি সমঝোতা স্মারক সই করে দু’দেশ। এই সমঝোতা স্মারকে সই করেন ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীর অফিস মন্ত্রী এবং দেশটির ফাইন্যান্স ও ইকোনোমি মন্ত্রী আমিন আবদুল্লাহ এবং বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তৃতীয় সমঝোতা স্মারকটি হলো ‘রিকগনিশন অব সার্টিফিকেট ইস্যুড আন্ডার দ্য প্রভিশন্স অব দ্য ইন্টারন্যাশনাল কনভেনশন অন স্ট্যান্ডার্ডস অব ট্রেনিং, সার্টিফিকেশন অ্যান্ড ওয়াচ কিপিং ফর সিফেয়ারস, ১৯৭৮ অ্যাজ অ্যামেন্ডেড’। এ সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীর অফিস মন্ত্রী এবং দেশটির ফাইন্যান্স ও ইকোনোমি মন্ত্রী আমিন আবদুল্লাহ।

এদিকে সুলতানের বাংলাদেশ সফর শেষে আজ ব্রুনাই ফেরার কথা থাকলেও অনিবার্য কারণবশত তিনি আজ ফিরছেন না। এর আগে গতকাল ঢাকায় দুপুরে পৌঁছান ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ। শনিবার দুপুরে একটি ভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে ব্রুনাই সুলতানকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে