কয়েকদিন পর পর বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যার ঘটনা ভারতের জন্য লজ্জার, আর বাংলাদেশের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভারত সরকার যদি নিজ দেশের সীমান্তরক্ষী বাহিনীকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সেটি তাদের জন্য লজ্জার।
এসময় আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মিয়ানমারের পরিস্থিতি সে দেশের সরকারের নিয়ন্ত্রণের বাইরে। বাংলাদেশ সীমান্তের ওপারে গোলাগুলি হচ্ছে। তবে, বাংলাদেশ বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে বলে জানান মন্ত্রী। তিনি জানান, বাংলাদেশে কোন আরসা বাহিনী নেই। কোন দেশের বিচ্ছিন্নতাবাদীকে এদেশে আশ্রয়-প্রশ্রয় দেয়া হয় না। সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বিজিবি। এর আগে সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা সীমান্তে কয়েকঘণ্টার ব্যবধানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়। এদের মধ্যে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় সীমান্তে উদ্ধার করা হয়। অপরজনের মরদেহ বিএসএফ নিয়ে গিয়েছে বলে জানায় এলাকাবাসী।
নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কুশখালি গ্রামের মক্তব মোড়ের হায়দার আলীর ছেলে হাসানুজ্জামান এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা ছোট বলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মোনতাজ আলী। এর আগে রোববার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহতের অভিযোগ পাওয়া গেছে।














