কুশিয়ারা নদীর পানি বণ্টনে সমঝোতাসহ ৫৪ অভিন্ন নদীর পানির তথ্য উপাত্ত বিনিময়ে ঐকমত্যে পৌঁছে ভারত-বাংলাদেশ। রেলের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ এবং মহাকাশ গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে ভারতের সঙ্গে সাতটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ। মঙ্গলবার দিল্লির হায়দ্রাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের কর্মকর্তারা এসব সমঝোতা স্মারকে সই করেন।
ভারত সফররত শেখ হাসিনা দুপুরে হায়দ্রাবাদ হাউজে পৌঁছালে নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানান। প্রথমে দুই নেতা একান্ত বৈঠক করেন। পরে তাদের নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠক হয়।বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদীর পানি বণ্টন, রোহিঙ্গা সমস্যার সমাধানে সহযোগিতার পাশাপাশি দুই দেশের অনিষ্পন্ন বিষয়গুলো গুরুত্ব পায় আলোচ্যসূচিতে। ভারতের দিল্লিতে হায়দরাবাদ হাউসে দুদেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিস্তাসহ অমীমাংসিত ইস্যুতে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাবে ভারত। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দুদেশের সর্ম্পকে প্রভাব পড়ে এমন কিছুই কোন দেশ করবে না।
সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের রোল মডেল বাংলাদেশ-ভারত। এ সময় দুই প্রতিবেশী দেশ, বাংলাদেশ-ভারতের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দারিদ্র বিমোচনে ঢাকা-দিল্লি এক সাথে কাজ করবে বলেও জানান শেখ হাসিনা। আর নরেন্দ্র মোদি বলেন, ৫৪ অভিন্ন নদীর পানির তথ্য উপাত্ত বিনিময়ে এক মত দুদেশ। একই সাথে নদী ব্যবস্থাপনাও কাজ করবে বাংলাদেশ-ভারত। এছাড়া এ অঞ্চলের সন্ত্রাস ও উগ্রবাদ দমনেও কাজ করবে দুই দেশ। জানান, সম্পর্ক অক্ষুন্ন করতে দুই দেশেই প্রতিজ্ঞাবদ্ধ।
যৌথ সংবাদ সম্মেলনের আগে স্থানীয় সময় দুপুরে ভারতের হায়দরাবাদ হাউসে দুদেশের প্রধানমন্ত্রী রুদ্ধদ্বার বৈঠক করেন। দিনের কর্মসূচির শুরুতে আজ সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনারের মধ্য দিয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে গেলে তাঁকে স্বাগত জানান নরেন্দ্র মোদি। দুই প্রধানমন্ত্রী করমর্দন করেন। পরে শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়।
রাষ্ট্রপতি ভবনের আনুষ্ঠানিকতার পর শেখ হাসিনা রাজঘাট গান্ধী সমাধিস্থলে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান।



























