সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলররা নাগরিক ও মৃত্যু সনদ দিতে পারবেন না কেন,তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আইন মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এ’সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার (২২’শে ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। গত ২৮’শে নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব স্বাক্ষরিত একটি দাফতরিক আদেশ জারি করা হয়। তাতে বলা হয়, মৃত ব্যক্তির উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র প্রদান করার দায়িত্ব সিটি করপোরেশন (কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের দায়িত্ব, কার্যাবলি ও সুযোগ সুবিধা) বিধিমালা-২০১২ অনুচ্ছেদ নম্বর ৩(৩) অনুসারে সাধারণ কাউন্সিলরগণের ওপর অর্পিত। এ জাতীয় সনদপত্র সংরক্ষিত আসনের কাউন্সিলরদের মাধ্যমে প্রদান করার আইন ও বিধিগত সুযোগ নেই।
পরে ২৮শে নভেম্বরের ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর কর্তৃক মৃত ব্যক্তির উত্তরাধিকার সনদ, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র প্রদানের ক্ষমতা না দেওয়ারও বৈধতা চ্যালেঞ্জ করা হয়। একইসঙ্গে রিট আবেদনে কাউন্সিলরদের একই সনদ প্রদানের বৈধতা চ্যালেঞ্জ করে। এর আগে গত ১১ই জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের তিন মহিলা কাউন্সিলর-খালেদা আলম, সাহেদা বেগম ও নাসরিন রশিদ পুতুল এ রিট দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়, সংবিধান অনুসারে সকল নাগরিকের অধিকার সমান। কিন্তু সংরক্ষিত আসনের কাউন্সিলরদের সনদ প্রদান না করতে আদেশ জারি কর ডিএসসিসি। একইসঙ্গে রিট আবেদনে ডিএসসিসি’র বিধিমালা ৩(৩) কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ২৮ নভেম্বর সিটি করপোরেশনের দাফতরিক আদেশ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














