টানা পঞ্চম দিনের মতো করোনায় রেকর্ড মৃত্যু হয়েছে রাশিয়ায়।দেশটিতে একদিনে করোনায় মারা গেছেন ১ হাজার ৭৫ জন। দেশটিতে নতুন করোনা শনাক্ত হয়েছে ৩৭ হাজার ৬৭৮ জনের।
রাজধানী মস্কোসহ করোনার সংক্রমণ বেড়ে যাওয়া এলাকাগুলোতে লকডাউনর প্রস্তুতি নিচ্ছে সরকার। রাশিয়ায় টিকা উৎপাদন হলেও টিকা প্রয়োগ সেই হারে হয়নি। মোট জনসংখ্যার তিন ভাগের এক ভাগকে দেয়া হয়েছে টিকা, যা ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় কম। রাশিয়ায় মোট করোনায় মৃত্যু হয়েছে দুই লাখ ২৯ হাজারের বেশি। মোট করোনা শনাক্ত হয়েছে ৮২ লাখের বেশি।
এদিকে যুক্তরাজ্যে আবারও করোনার সংক্রমণ বেড়েছে। গত সপ্তাহে করোনার শনাক্ত ১৫ শতাংশ ও মৃত্যু বেড়েছে ১২ শতাংশ। তবে এখনই লকডাউনে যাওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। সংক্রমণ কমাতে বুস্টার ডোজ নেয়ায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও পাঁচ হাজার ৯১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭৪ হাজার ২৭৪ জন। সুস্থ হয়েছেন তিন লাখ ১৫ হাজার ৭৮৯ জন। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৪১ লাখ সাত হাজার ৬৪৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪৯ লাখ ৫৯ হাজার ৩৭৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ২২ কোটি ১১ লাখ ৭৩ হাজার ৯৯৫ জন।
তথ্যঃ অনলাইন নিউজ














