অণু গঠনের নতুন কৌশল আবিষ্কারের জন্য রসায়নে চলতি বছর নোবেল পুরস্কার পেলেন জার্মান বিজ্ঞানী বেঞ্জামিন লিস্ট এবং যুক্তরাষ্ট্রের ডেভিড ম্যাকমিলান। নতুন ধরনের অনুঘটক ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অণু গঠনের কৌশল উদ্ভাবনের মধ্য দিয়ে ওষুধ শিল্পের জন্য নতুন দুয়ার উন্মোচনের স্বীকৃতিস্বরূপ চলতি বছর রসায়ন শাস্ত্রে নোবেল পেয়েছেন এ দুই বিজ্ঞানী।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস বুধবার এ পুরস্কারের জন্য বেনিয়ামিন লিস্ট ও ডেভিড ম্যাকমিলানের নাম ঘোষণা করে।নোবেল কমিটি জানায়, বেঞ্জামিন লিস্ট ও ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান রসায়নের আণবিক গঠনকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে গেছেন। এটি শুধু রসায়নকেই সবুজ করে তোলেনি, বরং অণু উৎপাদনকেও অনেক সহজ করেছে।
রসায়নে এবারের নোবেল পুরস্কার বিজয়ী বেঞ্জামিন লিস্টের জন্ম জার্মানির ফ্রাঙ্কফুর্টে, ১৯৬৮ সালে। অপর বিজয়ী ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলানের জন্মও একই বছর, যুক্তরাজ্যের বেলশিলে। এবারের নোবেল পুরস্কারের এক কোটি সুইডিশ ক্রোনার সমানভাগে ভাগ করে নেবেন এ দুই গবেষক।
জিন প্রকৌশলের মাধ্যমে ডিএনএ সম্পাদনার সূক্ষ্মতম কৌশল উদ্ভাবনের স্বীকৃতিতে জার্মানির গবেষক ইমানুয়েল কার্পেন্টার এবং যুক্তরাষ্ট্রের জেনিফার এ ডাউডনার গতবছর রসায়ন শাস্ত্রের নোবেল পান।
বরাবরের মতোই চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে সোমবার চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয়। মানবদেহে উষ্ণতার অনুভূতি কীভাবে ছড়ায়, সেই গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের গবেষক ডেভিড জুলিয়াস ও অডার্ম প্যাটাপুটেনকে এবার যৌথভাবে চিকিৎসার নোবেল জিতেছেন।
আর মানুষের কর্মকাণ্ড কী করে পৃথিবীর জলবায়ুর নিয়মে ব্যাঘাত ঘটাচ্ছে, সেই গবেষণার স্বীকৃতিতে চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের সুকুরো মানাবে, জার্মাইনর ক্লাউস হাসেলমান এবং ইতালির জর্জিও পারিসি।
বৃহস্পতিবার আসবে সাহিত্যের নোবেল ঘোষণা। এরপর শুক্রবার শান্তি এবং আগামী ১১ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, ১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে এ পুরস্কারের প্রবর্তন হয়। তার রেখে যাওয়া তিন কোটি সুইডিশ ক্রোনার দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেয়া। পরবর্তীকালে ১৯৬৮ সালে এই তালিকায় যুক্ত হয় অর্থনীতি। তবে পুরস্কার ঘোষণার আগেই মৃত্যুবরণ করেছিলেন আলফ্রেড নোবেল।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ














