পশ্চিমবঙ্গে বিধানসভার ৩ আসনে উপনির্বাচন ভোট গ্রহণ চলছে। তবে সবার মনোযোগ কলকাতার ভবানীপুর আসনে। সেখান থেকেই লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। নন্দীগ্রামে পরাজয়ের পর মুখ্যমন্ত্রীর পদ বাঁচাতে জয়ের বিকল্প নেই মমতার। ভোটের ফল ঘোষণা হবে ৩ অক্টোবর।
স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয় ভোটগ্রহণ। ভবানীপুরের ১০০ ভাগ বুথেই ভোট শুরু হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ওই আসনের সব বুথে সিসিটিভি এবং মাইক্রো অবজারভার ছাড়াও রয়েছে কেন্দ্রীয় বাহিনী। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে ভবানীপুর বিধানসভা আসনের এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুথের ২০০ মিটারের মধ্যে ৫ জনের বেশি মানুষকে জমায়েত না হতে নির্দেশ দেয়া হয়েছে।
ভোট শুরুর পরই ইভিএম কারচুপির অভিযোগ তুলেছেন মমতা ব্যানার্জীর প্রতিপক্ষ বিজেপি প্রার্থী। তবে অভিযোগ খারিজ করেছে নির্বাচন কমিশন। গত বিধানসভা ভোটে ভবানীপুরে জয় পান কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নন্দীগ্রামে মমতার পরাজয়ের পর ২১ মে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শোভনদেব। সাংবিধানিক নিয়ম মেনে ৫ নভেম্বরের মধ্যে বিধায়ক পদে নির্বাচিত হতে হবে মমতা ব্যানার্জিকে।
আজ এ আসনে ২ লাখ ৮ হাজার ৪৫৬ জন ভোটারের ভোট দেয়ার কথা। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের ৫ জন যুগ্ম কমিশনার, ১৪ জন ডেপুটি কমিশনার ও ১৪ জন সহকারী কমিশনার নিয়োগ করা হয়েছে। নারী সদস্যরাও দায়িত্ব পালন করবেন। কলকাতাসংলগ্ন নদীতে রিভার প্যাট্রলিং হবে। এ কাজ করবেন ১০০ জন ট্রাফিক সার্জেন্ট।ভবানীপুরের পাশাপাশি আজ এ রাজ্যের মুর্শিদাবাদ জেলার শমসেরগঞ্জ ও জঙ্গিপুর আসনেরও উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেখানেও কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে ভোটদান পর্ব।
জেতার জন্য মমতা ও প্রিয়াংকা আজ সকালেই ভোটের মাঠে জোর লড়াইয়ে নেমেছেন। তৃণমূল দাবি করেছে, এ যুদ্ধে জিতবেন মমতাই। এক লাখের বেশি ভোটের ব্যবধানে বিরোধী প্রতিদ্বন্দ্বীকে হারাবেন। অন্যদিকে বিজেপিও তাদের দাবি থেকে সরছে না।পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসনে এবার লড়েছিলেন মমতা। ওই আসনে মমতা হেরে যান তৃণমূল থেকে পদত্যাগ করা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে। ভারতীয় সংবিধান মেনে গত ২ মের ফলাফল ঘোষণার পর ৫ মে মমতা মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন। সাংবিধানিক বিধি হলো ছয় মাসের মধ্যে মমতাকে রাজ্যের যেকোনো একটি বিধানসভা আসনে জিতে আসতে হবে বিধানসভায়। সে লক্ষ্যে ভবানীপুর আসনে তৃণমূলের জয়ী বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করেন। মমতাকে ভবানীপুর আসনের শূন্যপদে জিতিয়ে আনাই তার লক্ষ্য।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট














