ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব হারানো তারানা হালিম তার নতুন দপ্তরে যোগ দিয়েছেন। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে তিনি সচিবালয়ে ৫০১ নম্বর কক্ষে তথ্য প্রতিমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কার্যালয়ে যান প্রতিমন্ত্রী তারানা। মন্ত্রীও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
গত ৩ জানুয়ারি তারানা হালিমকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে সরিয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিয়োগ দেয়া হয়।অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. সেলিম হোসেন জানিয়েছেন, প্রতিমন্ত্রী তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।অভিনেত্রী-সংস্কৃতিকর্মী তারানা প্রায় তিন বছর আগে যোগ দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে। ওই মন্ত্রণালয়ে দীর্ঘদিন কোনো মন্ত্রী ছিল না। এখন তিনি তথ্য মন্ত্রণালয়ে কাজ করবেন।নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বৃহস্পতিবার নতুন দপ্তরে যোগ দিলেও তারানা হালিম সেদিন অফিসে যাননি। তিন দিন পর তিনি তার নতুন দপ্তরে যোগ দিলেন।এদিকে, টেলি যোগাযোগের দায়িত্ব পাওয়া নতুন মন্ত্রী মোস্তাফা জব্বার বুধবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, টেলিকম ডিভিশনের প্রতিমন্ত্রী সেখানে আর নেই, কেন নেই আমি তা বলব না।
গতকাল এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে ডুবন্ত নৌকা জাগিয়ে তোলার দায়িত্ব দিয়েছেন। আমি সফল হতে পারব, এমন আস্থা ও বিশ্বাস থেকে প্রধানমন্ত্রী আমার ওপর এ দায়িত্ব দিয়েছেন।
অনলাইন ডেস্ক, বিডি টাইম্স নিউজ














