ডিবি কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাবারের ছবি তোলা এবং তা গণমাধ্যমে প্রচারের সিদ্ধান্ত তৎকালীন ডিবি প্রধান হারুন অর রশীদ নিজের ইচ্ছায় নেননি; বরং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই তা করা হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা একটি অডিও কলের কথোপকথনের প্রতিলিপিতে তৎকালীন ডিবি প্রধানের এমন দাবি উঠে এসেছে।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউশন এই কল রেকর্ডটি প্রমাণ হিসেবে জমা দেয়।
খাবার পরিবেশন ও ছবি তোলার নির্দেশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে কথোপকথনে তৎকালীন ডিবি প্রধান হারুন অর রশীদ জানান, সমন্বয়কদের খাওয়ানো, ছবি তোলা এবং তা গণমাধ্যমে পাঠানোর নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন এসবি প্রধান মনিরুল ইসলামের পক্ষ থেকে এসেছিল।
ওবায়দুল কাদেরের প্রশ্ন ও প্রতিক্রিয়ায় অডিও রেকর্ডে ওবায়দুল কাদের হারুনকে প্রশ্ন করেন, তাদের খাওয়ানোর পর ছবি তুলে তা বাইরে প্রকাশ করতে বলা হয়েছিল কি না। জবাবে হারুন নিশ্চিত করেন যে ছবি তোলা এবং সংবাদের জন্য তা প্রকাশ করার স্পষ্ট নির্দেশ ছিল। এ বিষয়ে তিনি এসবি প্রধান মনিরুল ইসলামের সাথেও কথা বলেছিলেন বলে জানান।
