আজ থেকে শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তির সবচেয়ে বড় আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭। বিলিয়ন ডলারের ইউটিউবার আর গেমার জগতে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে দেশের সবচেয়ে বড় গেমিং প্রতিযোগিতার আয়োজন নিয়ে শুরু হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড এক্সপোজিশন ২০১৭।
আয়োজনে আরো থাকছে দেশীয় প্রযুক্তিতে তৈরি রোবট। তবে এর বড় আকর্ষণ, রোবট সোফিয়া। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গেমিং ভিডিও দিয়েই চলছে অনেক ইউটিউব চ্যানেল। তাদের সাবস্ক্রাইবারও অনেক। ইউটিউবার হয়ে, ঘরে বসেই লাখ লাখ ডলার উপার্জন করছে বিশ্বের অনেকে।
বাংলাদেশে এই অভিনব বিলিয়ন ডলারের বাজার থেকে পিছিয়ে থাকবে না বলে জানান গিগাবাইট টেকনলজি কোম্পানি লিমিটেড এর নির্বাহী, মার্কেটিং গাজী রহমান। এবারের ডিজিটাল ওয়ার্ল্ড এর আয়োজনে তাই থাকছে দেশের সবচেয়ে বড় গেমিং প্রতিযোগিতা। যা সরাসরি দেখানো হবে ইউটিউবে।
ডিজিটাল ওয়ার্ল্ডে আসছে রোবট সোফিয়া। ২০১৫ সালে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এ রোবটটি সম্প্রতি সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছে। ভিজুয়াল ডেটা প্রসেসিং ও ফেসিয়াল রিকগনিশন পদ্ধতিতে কাজ করে রোবটটি। প্রকাশ করতে পারে ৬২ টি অভিব্যক্তি।
তবে সোফিয়া ছাড়াও দেশীয় প্রযুক্তিতে তৈরি রোবটও আসবে, ডিজিটাল ওয়ার্ল্ডে শিক্ষা মন্ত্রণালয়ের স্টলে। এছাড়াও বিভিন্ন অ্যাপস, ই-কমার্স ব্যাংকিং সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের ডিজিটাল সেবাও থাকছে এই এক্সপোজিশনে। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তথ্যপ্রযুক্তি ডেস্ক, বিডি টাইম্স নিউজ














