বায়োগ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনের গবেষণায় সফলতা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। ময়মনসিংহে দীর্ঘ গবেষণার পর এ তথ্য জানানো হয়। পশুপাখির খামারের বর্জ্য থেকে পাওয়া বায়োগ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছেন তারা।
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গত বছরের এপ্রিলে স্থাপন করা হয় আন্তর্জাতিক মানের গবেষণাগার গ্রিন এনার্জি নলেজ হাব। যাত্রা শুরুর এক বছরেই বায়োগ্যোস দিয়ে বিদ্যুৎ উৎপাদনে এলো সাফল্য। গবেষকেরা বলছেন, শুধু পোল্ট্রি ও ডেইরি ফার্মের বর্জ্য দিয়েই বাণিজ্যিকভাবে ২০ হাজারেরও বেশি বায়োগ্যাস প্লান্ট বসানো সম্ভব।
উৎপাদিত বিদ্যুৎ খামারগুলোর চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডেও সরবরাহ করা যাবে বলে জানান প্রকল্প পরিচালক। বর্জ্য পদার্থ থেকে তৈরি গ্যাসের গুণগত মান নির্ধারণ, বিদ্যুৎ উৎপাদনে কী পরিমাণ গ্যাসের প্রয়োজন তার পরীক্ষা-নিরীক্ষা এবং কারিগরি নির্দেশনাও পাওয়া যাবে এই গবেষণাগারে।
বায়োগ্যাসের ব্যবহার নিশ্চিতে প্রয়োজন প্রযুক্তিগত উন্নয়ন। এক্ষেত্রে সরকারি সহযোগিতা জরুরি, বলছেন সংশ্লিষ্টরা। বায়োগ্যাসের যে সম্ভাবনা তা কাজে লাগানো গেলে ভবিষ্যতে যানবাহন থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রেও এর ব্যবহার সম্ভব বলছেন বিশেষজ্ঞরা।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














