দিল্লিতে চলছে টানা সংঘর্ষ। অগ্নিসংযোগ, গুলি, বাড়িতে ঢুকে হামলা, বাদ নেই কোনও কিছুই। চার দিন ধরে চলা এ সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। অথচ রাজধানীর বুকে চলা এই হিংসাত্মক ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ কার্যত ব্যর্থ। এখানেই প্রশ্ন তুলেছেন অনেকে, তবে কি পুলিশের এই ‘অপারগতা’ পরিকল্পিত? ঠিক যেমন অভিযোগ উঠেছিল ২০০২ সালে গুজরাত দাঙ্গার সময়। কার্যত ‘নিষ্ক্রিয়’ থেকে বাড়তে দেয়া হয়নি তো দিল্লির সংঘর্ষ? এমন প্রশ্ন উস্কে দিয়েছেন বিরোধীরা। কেউ সরাসরি, কেউ ইঙ্গিতে। এনসিপি নেতা নবাব মালিক সরাসরিই গুজরাট দাঙ্গার প্রসঙ্গ টেনে এনেছেন। তিনি বলেন, গত কয়েক দিন ধরে দিল্লিতে সংঘর্ষ চলছে। পুলিশ সেখানে নীরব দর্শক। রাজধানীতে কেন এটা হবে? দিল্লিতেও ২০০২ সালে গুজরাট দাঙ্গার মডেল চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রশ্ন উঠছে অমিত শাহ এমন নির্দেশ দেননি তো যে কোনো ব্যবস্থা নেয়া যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী যদি ব্যবস্থা না নেন এবং পুলিশ জনতাকে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী অবশ্য কারো নাম উল্লেখ করেননি। তবে দিল্লির সংঘর্ষের পইছনে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন তিনি। কার ষড়যন্ত্র, কী ষড়যন্ত্র- সেসব স্পষ্ট না করেও সংঘর্ষ এত বড় আকার নেয়ার দায় ঠেলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শাসক দল বিজেপির দিকে। পুলিশ-প্রশাসন কেন আগে থেকে সক্রিয় হয়নি, অমিত শাহ কী করছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখেও কেন আগে থেকে আধা সামরিক বাহিনী ডাকা হলো না, এসব প্রশ্ন তুলেছেন তিনি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই বলছেন, পুলিশ আগে থেকে আরো সক্রিয় হলে দিল্লির সংঘর্ষের পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেত না। বরং আগেভাগেই সামলে নেয়া যেত। গুজরাট দাঙ্গায় যে অভিযোগ ছিল, দিল্লির পুলিশ-প্রশাসনকেও একই অভিযোগে কাঠগড়ায় তুলছেন পর্যবেক্ষকদের একটা অংশ। কেন সেনা নামানো হলো না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। সেই মন্ত্রণালয়ের দায়িত্ব অমিত শাহের উপর। আর ২০০২ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় গুজরাটে মোদির মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিষয়টি কাকতালীয়। তবে অনেকের মনেই ২০০২ সালের গুজরাটের সেই প্রেক্ষাপট ভেসে উঠছে। কী ঘটেছিল সেই সময়? ওই বছর ২৭ ফেব্রুয়ারি গুজরাটের গোধরায় সবরমতি এক্সপ্রেস ট্রেনে আগুন ধরিয়ে দেয়া হয়। ওই ট্রেনে অযোধ্যা থেকে ফিরছিলেন করসেবকরা। জলন্ত দগ্ধ হয়ে মারা যান ৫৮ জন করসেবক। সেই ঘটনার পর থেকেই গোটা গুজরাটজুড়ে শুরু হয় হিন্দু-মুসলিম সংঘর্ষ। প্রায় তিন মাস ধরে চলে হামলা, অগ্নি সংযোগ, হত্যালীলা। সরকারি হিসেবেই মৃত্যু হয়েছিল এক হাজার ৪৪ জনের, নিখোঁজ ছিলেন ২২৩ জন। আহত হন প্রায় আড়াই হাজার মানুষ। নিহতদের মধ্যে ৭৯০ জন ছিলেন মুসলিম। হিন্দু সম্প্রদায়ের ২৫৪ জন।

পরবর্তীকালে অভিযোগ উঠেছিল, সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি দাঙ্গা নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা তো নেনইনি, উপরন্তু প্রচ্ছন্ন মদত দিয়েছিলেন দাঙ্গায়। পুলিশ-প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেননি। এমন অভিযোগও ওঠে যে, সরকারের লোকজনই মুসলিমদের বাড়িঘর, সম্পত্তির তালিকা তুলে দিয়েছিলেন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে। সেই অভিযোগের তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২০১২ সালে সেই সিটের রিপোর্টে ক্লিনচিট দেয়া হয় মোদিকে। পুলিশ-প্রশাসনের নিষ্ক্রিয় থাকার অভিযোগও খারিজ করে দেয় সিট। গুজরাট দাঙ্গা থেকে হাত ধুয়ে ফেলেন মোদি-অমিত শাহরা। কিন্তু দিল্লির সংঘর্ষে আবারো ফিরে এসেছে সেই প্রশ্নই। এনসিপির নবাব মালিক যেটা সরাসরি ‘গুজরাট দাঙ্গা’র উল্লেখ করে বলেছেন, রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই সেই প্রশ্ন তুলছেন আকারে ইঙ্গিতে। প্রকাশ্যে না হলেও অন্তত ঘনিষ্ট মহলে আলোচনা চলছে তেমনটাই।

গুজরাট দাঙ্গার সময়কার সেই প্রশাসনকে ‘ঠুঁটো’ করে রাখার অভিযোগ মানেন না অভিযুক্তরা। দিল্লির ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর সোনিয়ার অভিযোগের পাল্টা হিসেবে বলেছেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য এই সময় সব রাজনৈতিক দলের এক সঙ্গে কাজ করা উচিত। রাজনীতি করা উচিত নয়। অমিত শাহ যে দিল্লির সংঘর্ষে ‘নিষ্ক্রিয়’ নন, বরং ‘সক্রিয়’ সেটা বোঝাতে তিনি বলেন, মঙ্গলবারও স্বরাষ্ট্রমন্ত্রী সর্বদল বৈঠক করেছেন। পুলিশ প্রশাসনের মনোবল বাড়াতে ‘ভোকাল টনিক’ দিয়েছেন। অন্যদিকে এদিন ১৯৮৪ সালে শিখ দাঙ্গার প্রসঙ্গ টেনে দিল্লি হাইকোর্ট বলেছে, আর একটা ১৯৮৪-র দাঙ্গা হতে দিতে পারি না আমরা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে