সেবা দেয়ার ক্ষেত্রে গ্রাহকের সঙ্গে মোবাইল অপারেটরদের কোনো ধরনের প্রতারণা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বিকেলে রবির ভয়েস ওভার লং টার্ম ইভালিউশন প্রযুক্তির পরীক্ষামূলক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
টেলিযোগাযোগ আইনকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক করার কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থা ডিজিটাল করা বর্তমানে সময়ের বড় চ্যালেঞ্জ। শহরের পাশাপাশি গ্রাম পর্যায়েও ফোরজি সেবা পৌঁছে দিতে অপারেটরদের নির্দেশনা দেন মন্ত্রী।
অনুষ্ঠানে জানানো হয়, আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফোর পয়েন্ট ফাইভ জি নেটওয়ার্কে ভয়েস সেবা দিতে প্রস্তুত হয়েছে রবি। এই প্রযুক্তির মাধ্যমে ভয়েস কলের পাশাপাশি দ্রুততর কল সংযোগের সুবিধা পাবেন গ্রাহক।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














