শীত জেঁকে বসতেই, রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন সবজির দামে স্বস্তি মিলেছে। সপ্তাহের ব্যবধানে প্রায় সব সবজিরই গড়ে দাম কমেছে কেজিতে ৫ থেকে ১০ টাকা। সরবরাহ ভালো হওয়ায় কিছুদিনের মধ্যে আরও দাম কমতে পারে, বলছেন বিক্রেতারা। মাংসের দামও বাড়েনি। তবে হালিতে ৫ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির ডিমের দাম।

কারওয়ান বাজারের পাইকারি আড়তে শীতকালীন সবজিবাহী গাড়ির ভিড়। বাজারে সরবরাহ ভালো থাকায় গত সপ্তাহের চেয়ে দাম কমেছে। ক্রেতাদের ভিড়ও বেশি। ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতি পিস ৮ থেকে ১০ টাকা। প্রতি কেজি বেগুন ৮ থেকে ১০ টাকায়, শিম ১৫ টাকা এবং টমেটো ২০ থেকে ২৫ টাকা । গেল বছর মরিচের বাজার চড়া থাকলেও এবছরের শুরুতেই মরিচ বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। তবে কারওয়ান বাজার থেকে একটু দূরেই হাতিরপুলের খুচরা বাজারে এসব সবজি বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। এদিকে, গেল সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগীর ডিমের দাম হালিতে বেড়েছে ৫টাকা। বিক্রি হচ্ছে ৯৫ টাকায়। তবে হাঁসের ডিম ও দেশি মুরগীর ডিম বিক্রি হচ্ছে আগের দামেই।

স্বাভাবিক আছে মুরগীর বাজার। ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। সোনালী জাতের মুরগী ২৬০ থেকে ২৮০ ও দেশি মুরগী বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়। গরু ও খাসির মাংসও বিক্রি হচ্ছে আগের দামে। গরুর মাংস ৫০০ টাকা আর খাসির মাংস ৭৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে