রাজধানীর বাজারে প্রায় সব শীতকালীন সবজির দাম নাগালে রয়েছে। সপ্তাহের ব্যবধানে প্রায় সব সবজিরই গড়ে দাম কমেছে কেজিতে ৫ থেকে ১০ টাকা। সরবরাহ ভালো হওয়ায় সামনের কিছুদিনে আরও দাম কমতে পারে, বলছেন বিক্রেতারা। চালের দামেও রয়েছে স্থিতিশীল অবস্থা।

শীতের আমেজ পুরোপুরি শুরু হওয়ায়, রাজধানীর কাঁচাবাজারে বেশ ভালোই দেখা মিলছে শিম, মূলা, গাজর, ফুলকপি, বাঁধাকপির মত সুস্বাদু শীতকালীন সবজির। দামেও বেশ সস্তা। মাছ-মাংসের চেয়ে এসব সবজির প্রতি ক্রেতাদের আগ্রহও বেশী।
বাজারে সরবরাহ ভালো থাকায় গত সপ্তাহের চেয়ে ভালোই দাম কমেছে। বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫ টাকা, ফুলকপি ২০ টাকা ও মূলা ১৫ টাকা। আর লাউ প্রতি পিস পাওয়া যাচ্ছে ১০ টাকায়। এছাড়া বেগুন, কাঁচামরিচের মত অন্যান্য সবজির কেজি ২০ থেকে ৩০ টাকা। দাম কমে নতুন আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। দাম নাগালে থাকায় স্বস্তি মিলছে ক্রেতাদের মাঝে।
সবজির সহজলভ্যতার পাশাপাশি সহনশীল রয়েছে চালের বাজার। মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা কেজিতে। আমদানি করা মোটা স্বর্ণা জাতের চালের কেজি ৩৬ থেকে ৩৮ টাকা। সামনে নতুন চাল আসবে বলে দাম বাড়ার শঙ্কা নেই, বলছেন ব্যবসায়ীরা।
এদিকে ফার্মের মুরগির ডিমের দামও স্বাভাবিক, প্রতি ডজনের দাম ৯০ টাকা। তবে হাঁসের ডিম কিনতে হলে গুনতে হচ্ছে ডজনে ১৫০ টাকা।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














