শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের ৭ম এবং দেশের ৩০তম চা নিলাম শেষ হয়েছে। এবারের নিলামে ২৪ লাখ ৯৫ হাজার ৯০০ কেজি চা পাতা উত্তোলন করা হয়েছে। মাসে দুটি করে নিলাম আয়োজন শুরু হলে, ভবিষ্যতে চা শিল্পের আরো প্রসার ঘটবে বলে মনে করছেন চা সংশ্লিষ্টরা।
টি ট্রেডার্স অ্যান্ড প্ল্যান্টারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ’ (টিপিটিএবি)-এর ব্যবস্থাপনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ম বারের মতো অনুষ্ঠিত হলো চা নিলাম। টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিটিএবি) এর পরিচালনায় নিলামে দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক ক্রেতা ও ৭টি ব্রোকার হাউজ অংশ নেয়।
এবারের নিলামে উত্তোলন হয়েছে ২৪ লাখ ৯৫ হাজার ৯০০ কেজি চা, যার মূল্য প্রায় ৭৪ কোটি টাকা। এর আগে, প্রথম নিলামে ৫ লাখ ৫৭ হাজার কেজি, দ্বিতীয় নিলামে ১২ লাখ ৮৮ হাজার ৬৫০ কেজি ও তৃতীয় নিলামে ১৮ লাখ ৪ হাজার কেজি চা উত্তোলন করা হয়। এছাড়া, চতুর্থ নিলামে ২২ লাখ ১১ হাজার ৫৫০ কেজি, পঞ্চম নিলামে ২২ লাখ ৯০ হাজার ৭৫০ কেজি ও ষষ্ঠ নিলামে উত্তোলন করা হয় ২৩ লাখ ৭১ হাজার কেজি চা।
প্রতি নিলামেই বাড়ছে চা উত্তোলনের পরিমাণ। এ ধারা অব্যাহত রাখতে এ খাতের নানা সমস্যা দ্রুত নিরসনের আশা জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিলামের আয়োজক সংগঠনের নেতারা বলছেন, মাসে দু’টি করে নিলাম শুরু হলে চা শিল্পের আরো প্রসার ঘটবে। চা শিল্পের প্রসারে আরো বেশি উদ্যোগী হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














