দেশের প্রথম ভূ-উপগ্রহ স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ থেকে সুবিধা পেতে দেশীয় টেলিভিশন চ্যানেলগুলোর কোন আর্থ-স্টেশন ইনস্ট্যল করতে হবে না। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি (বিসিএসসিএল) লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ আজ বাসস’কে বলেন, ‘টেলিভিশন কোম্পানি গুলোর ব্যয় হ্রাসের লক্ষ্যে আমরা বিকল্প সেবা চালু করব।’ ‘আর্থ-স্টেশন’ ইনস্ট্যল করতে টেলিভিশন কোম্পানিগুলোকে বিপুল ব্যয় করতে হয়- একথা উল্লেখ করে তিনি বলেন, ‘তারা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে টিভি চ্যানেলগুলোকে সেগুলোর গ্রাউন্ড স্টেশনের সাথে যুক্ত করতে পারবেন।’

ড. শাহজাহান মাহমুদ জানান, চার-পাঁচদিনের মাধ্যমে ‘আর্থ-স্টেশন’ ছাড়াই ‘অপটিক ফাইবার ভিত্তিক সার্ভিস’-এর মাধ্যমে তারা পরীক্ষামূলকভাবে রাষ্ট্রায়ত্ত্ব বাংলাদেশ টেলিভিশন পরিচালনা করবেন। তিনি বলেন, ‘আমরা পর্যায়ক্রমে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে এই সার্ভিসের আওতায় আনব।’ এদিকে, শুক্রবার ফ্রান্সের নির্মাতা প্রতিষ্ঠান ‘থেলেস এ্যালেনিয়া স্পেস’ ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইটের নিয়ন্ত্রন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি (বিসিএসসিএল)- এর কাছে হস্তান্তর করে। ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইটটি গত ১২ মে তারিখে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ‘স্পেস এক্স’-এর মাধ্যমে কক্ষপথে উৎক্ষেপন করা হয়।
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ-এর খেলাগুলো দেখানোর মাধ্যমে ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইটের পরীক্ষামূলক সম্প্রচার সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। বানিজ্যিক কার্যক্রম আরম্ভ সম্পর্কে বিসিএসসিএল-এর চেয়ারম্যান বলেন, ‘আমাদের পরামর্শক প্রতিষ্ঠান থাইকম শিগগিরই একটি বাজার সমীক্ষা জমা দেবে এবং তখন আমরা পরবর্তি ব্যবস্থা নেব।’

১১৯ দশমিক ১ পূর্ব জিওস্টেশনারি স্লটে অবস্থানরত বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি সার্কভুক্ত দেশসমূহ এবং ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরঘিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং কাজাখস্তানের অংশবিশেষ কাভার করবে।
তবে, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানে কাভারেজ শক্তিশালী হওয়ায় বানিজ্যিক কার্যক্রমের জন্য প্রাথমিকভাবে এই ছয়টি দেশকে বাছাই করা হয়েছে।

বাসস, নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে