ফলন ভালো হলেও উপযুক্ত দাম না পাওয়ায় আউশ ধান নিয়ে বিপাকে পড়েছেন মেহেরপুরের চাষীরা। সেচ ও শ্রমিকের খরচ দিয়ে প্রতি মণ ধান বাজারে বিক্রি হচ্ছে ৫শ থেকে ৫শ ৫০ টাকায়। ধান চাষ কমিয়ে উচ্চমূল্যের ফসল চাষে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
চলতি মৌসুমে প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের আউশ ধান চাষ হয়। আবহাওয়া অনুকূল থাকায় ফলনও হয়েছে ভালো। প্রতি বিঘায় ১৮ থেকে ২০ মণ ধান পাচ্ছেন কৃষকরা। তবে, এবার সেচ খরচের পাশাপাশি শ্রমিকের খরচও বেশি হয়েছে। অথচ, সে তুলনায় বাজারে প্রতি মণ ধান বিক্রি করতে হচ্ছে মাত্র ৫শ থেকে সাড়ে ৫শ টাকায়।

চাষীরা বলছেন, দাম ভালো না পেলে ভবিষ্যতে আউশ ধান চাষ করা কঠিন হয়ে পড়বে। বর্তমানে বাজারে মধ্যস্বত্বভোগীরাই বেশি লাভবান হচ্ছে বলেও জানান তারা। বাজারে ধানের দর স্থিতিশীল না হওয়ায় ধানের চাষ কমিয়ে উচ্চমূল্যের ফসল চাষ করার পরামর্শ দিচ্ছে জেলা কৃষি বিভাগ। চলতি বছর আউশ চাষ বাড়ানোর লক্ষ্যে জেলায় প্রায় তিন হাজার কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














