তথ্যপ্রযুক্তি ডেস্ক: ইন্টারনেট ব্যবহারের দিক থেকে এশিয়ার শীর্ষ পঞ্চম দেশ হিসেবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ‘ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাটস’ এর সমীক্ষা প্রতিবেদনর তথ্য মতে, ২০০০ সালে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল এক লাখের মতো। কিন্তু ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত এ সংখ্যা ৮ কোটি ছাড়িয়েছে।
এশিয়ার শীর্ষ ইন্টারনেট ব্যবহারীর স্থানটির বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের দখলে। তাদের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন ৭৭ কোটি ২০ লাখের বেশি। দ্বিতীয় স্থানে থাকা ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪৬ কোটি ২০ লাখ। এর পর তৃতীয় স্থানে ইন্দোনেশিয়া (১৪ কোটি ৩০ লাখ) এবং চতুর্থ স্থান দখল করে নিয়েছে জাপান (১১ কোটি ৮০ লাখ)।
সমীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্ব ডিজিটাল যুগে প্রবেশ করেছে। এই সময়ে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহার বিস্তৃতভাবেই বাড়ছে। বিশেষ করে গত ১০ বছর এশিয়ায় ইন্টারনেট ব্যবহারে বিস্ময়কর অগ্রগতি দেখা গেছে।














