দেশে দিনে অবৈধ ভিওআইপি কল হচ্ছে আড়াই কোটি মিনিটি, যা বন্ধ করতে পারলে রাজস্ব সাশ্রয় সম্ভব ৫০ কোটি টাকা। তবে বিটিআরসি দাবি, সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভিওআইপি কলের সুনির্দিষ্ট জায়গা শনাক্ত করা যাচ্ছে। পাশাপাশি, সাম্প্রতিক অভিযানে প্রায় ১১ হাজার সিম জব্দ ও ৮ জনকে গ্রেপ্তার হয়েছে বলেও জানানো হয়েছে।
২০১৪ থেকে এ পর্যন্ত চলা অভিযানে জব্দ হয়েছে এক কোটি ২১ লাখ ৬৪ হাজার সিম। মামলা হয়েছে ১০৫টি। রাজস্ব ক্ষতি প্রায় ১০৭ কোটি টাকা। পাশাপাশি বেড়েছে অবৈধ ভিওআইপি কল শনাক্তের পরিমাণও। ৯ থেকে ২০ সেপ্টেম্বর র্যাব-বিটিআরসির যৌথ অভিযানে রাজধানীর ছয় এলাকা থেকে প্রায় ১১ হাজার সিমসহ ৩৭ লাখ টাকার সরঞ্জাম উদ্ধার হয়েছে। জব্দ সিমের মধ্যে সবচেয়ে বেশি টেলিটকের, সংখ্যা ৫ হাজার ৭৫টি, এয়ারটেল-রবির ৩ হাজার ৮৯৭টি, গ্রামীণফোনের ১ হাজার ৪১৪টি এবং বাংলালিকের সিম ৪২৬টি। এজন্য মোবাইল অপারেটরগুলোকে জরিমানা করা হবে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান।
সাম্প্রতিক অভিযানে অবৈধ ভিওআইপির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১-এর অধীনে মামলা হয়েছে। পরবর্তীতে মানি লন্ডারিং আইন যুক্ত হওয়ায় মামলা আরো শক্তিশালী হবে বলেও মনে করছে বিটিআরসি। পাশপাশি অবৈধ ভিওআইপি বন্ধে মোবাইল অপারেটরদের আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শও দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা।
শান্ত খান,
তথ্যপ্রযুক্তি ডেস্ক, বিডি টাইম্স নিউজ














