রাজধানীর বাজারে ঈদের আগের চেয়ে ইলিশের দাম কিছুটা কমলেও, আগের মৌসুমের তুলনায় তা বেশি। ব্যবসায়ীরা বলছেন, ইলিশের মৌসুম হলেও, নদীতে পানি কম থাকায় মাছ ধরা পড়ছে কম, তাই দাম কমেনি খুব একটা। তবে এ কথা নাকচ করে ক্রেতারা বলছেন, এটা বিক্রেতাদের বানানো সংকট।
ইলিশের মৌসুম, তাই অন্য সময়ের চেয়ে কম দামের আশায় কারওয়ান বাজারে এসেছিলেন ক্রেতারা। কিন্তু বাজারের চিত্র পাল্টায়নি খুব একটা। তবে বিক্রেতাদের দাবি, ইলিশের দাম ঈদের আগের বাজারের তুলনায় কিছুটা কমেছে। কিন্তু ভরা মৌসুমে গেলো বছর যে দাম ছিল এবার তারচে বেশি। কারণ হিসেবে বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম। দু-হাজার থেকে দু-হাজার তিনশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দুই কেজি ওজনের ইলিশ। আর এক হাজার দুশো টাকায় বিক্রি হচ্ছে এক কেজি ওজনের ইলিশ। নয়শো গ্রাম ওজনের প্রতি হালি বিক্রি হচ্ছে তিন হাজার টাকায়। সরবরাহ বাড়লে ছোট আকারের ইলিশের দাম কমতে পারে, বলছেন ব্যবসায়ীরা।
তবে অন্যান্য মাছের দাম গত সপ্তাহের চেয়ে কিছুটা কম। দুশো বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে রুই এবং দেড়শো টাকায় কাতল। আর তিনশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে বোয়াল।
ইন্ডিপেনডেন্ট অনলাইন














